ময়মনসিংহ সিটি কর্পোরেশনে কেনাকাটায় প্রায় অর্ধশত কোটি টাকার জালিয়াতি ও অনিয়মের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ভুয়া প্রতিষ্ঠান ও ওয়েবসাইট তৈরির মাধ্যমে তথ্য গোপন করে এসব কেনাকাটা হয়েছে বলে অভিযোগ। যেসব প্রতিষ্ঠানের মাধ্যমে কেনাকাটা হয়েছে, সেখানে পূর্বের কালো তালিকাভুক্ত ও নিষিদ্ধ প্রতিষ্ঠানও রয়েছে বলে তথ্য রয়েছে বেঙ্গল লেন্সের কাছে। এসব পণ্য ক্রয় করতে যুক্তরাষ্ট্র ভ্রমণও করেছেন সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। তবে ময়মনসিংহ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ এসব অভিযোগ অস্বীকার করে বলছে, সবকিছু নিয়ম মেনেই হয়েছে। তাদের দাবি, কেনাকাটায় কোনো অনিয়ম পাওয়া যায়নি। তাছাড়া এখনও সব পণ্য বুঝে নেয়া হয়নি।

ই-জিপি দেয়া টেন্ডার অনুযায়ী শর্ত ছিল, নির্ধারিত কয়েকটি দেশের তৈরি পণ্যই সরবরাহ করা যাবে। তবে সেই শর্ত পাশ কাটাতে ধাপে ধাপে অভিনব সব জালিয়াতির অভিযোগ উঠেছে দুটি ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সূত্র বলছে, সিটি কর্পোরেশন ও ঠিকাদার প্রতিষ্ঠানের যোগসাজশেই এই জালিয়াতি হয়েছে।

সংশ্লিষ্ট আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সহায়তায় বেঙ্গল লেন্স যাচাই করে দেখেছে, ময়মনসিংহসহ একাধিক সিটি কর্পোরেশন ও সরকারি দপ্তরে প্রতিষ্ঠান দুটির জমা দেয়া নথিপত্রে বড় ধরনের জালিয়াতি হয়েছে।

ঘটনার শুরু ২০২৪ সালের জুলাই মাসে। সে সময় ময়মনসিংহ সিটি কর্পোরেশনে বর্জ্য ব্যবস্থাপনার মান বাড়াতে একটি ‘ব্র্যান্ড নিউ হুইল ডোজার’ ক্রয়ের টেন্ডার আহ্বান করে। দরপত্র খোলা হয় পরের মাস, আগস্টের ১৪ তারিখে।

কয়েকটি ধাপে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ক্রয়াদেশ দেওয়া হয় সোহেল ইঞ্জিনিয়ারিং নামের একটি প্রতিষ্ঠানকে। টেন্ডারে গুরুত্বপূর্ণ শর্ত ছিল, পণ্যের কান্ট্রি অব অরিজিন, কান্ট্রি অব ম্যানুফ্যাকচারার, কান্ট্রি অব অ্যাসেম্বল এবং কান্ট্রি অব শিপমেন্ট—সবই হতে হবে নির্দিষ্ট কিছু দেশ থেকে। সে তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ইউকেসহ মোট ২৩টি দেশের নাম উল্লেখ করা হয়। তবে সেখানে ছিল না চীনের নাম। সেই টেন্ডারের কার্যাদেশ পায় সোহেল ইঞ্জিনিয়ারিং। সরবরাহ করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্রের রাইনো ব্র্যান্ডের পণ্য। (টেন্ডার নোটিশ এখানে)।

ময়মনসিংহ সিটির একটি সূত্র বেঙ্গল লেন্সকে জানায়, রাইনো ব্র্যান্ডের পণ্য যুক্তরাষ্ট্র থেকে এলেও তা চীনে তৈরি। রাইনো ইকুইপমেন্টস পণ্যগুলো নিজে তৈরি না করে আমদানি করে চীন থেকে। এরপর সেগুলো রাইনোর নামে ব্র্যান্ডিং করে পাঠানো হয় ক্রেতার কাছে।

এই সূত্র ধরেই তথ্য যাচাইয়ের জন্য বেঙ্গল লেন্স সহযোগিতা নেয় বৈশ্বিক আমদানি-রপ্তানির তথ্য প্রদানকারী প্রতিষ্ঠান Import Genius-এর। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে থাকা তথ্য অনুযায়ী, মার্কিন প্রতিষ্ঠানটি নিয়মিত পণ্য আমদানি করে চীনের Changzhou Rhinoveros Unicorn Mach নামের একটি প্রতিষ্ঠান থেকে। এর মধ্যে ছিল RWD132-S মডেলের হুইল ডোজার। শিপমেন্টে যার কনটেইনার নম্বর ছিল MSDU5759155। জাতীয় রাজস্ব বোর্ড থেকে পাওয়া তথ্যে নিশ্চিত হওয়া যায়, Rhino ব্র্যান্ডের একই মডেলের হুইল ডোজার সোহেল ইঞ্জিনিয়ারিং যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আমদানি করে ২০২৬ সালের ৭ মে। যার বিল অব এন্ট্রি নম্বর 836153। (এনবিআরের তথ্য এখানে)

যাচাইয়ে দেখা যায়, Rhino Equipments-এর ওয়েবসাইটে তাদের কোনো কারখানার ঠিকানা নেই। তবে গ্লোবাল কমার্শিয়াল এবং অপারেশনস অফিস হিসেবে ঠিকানা দেওয়া—17220 NW, 2nd Ct, Miami, FL 33169।

এ বিষয়ে আরও নিশ্চিত হওয়ার জন্য মিয়ামি সিটি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে ই-মেইলের মাধ্যমে জানানো হয়, Rhino Equipment Group, Inc. নামে নিবন্ধিত প্রতিষ্ঠানটির ব্যবসার ধরন হলো: মার্চেন্ট ও হোলসেল। অর্থাৎ তারা পণ্য তৈরি করে না। বিক্রি করে। সিটি কর্তৃপক্ষ থেকে পাঠানো মেইলের জবাব দেখুন এখানে।

মার্কিন প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে দাবি করা হয়েছে, তারা AEM বা Association of Equipment Manufacturers এর সদস্য। তবে AEM-এর ওয়েবসাইটে গিয়ে তালিকায় প্রতিষ্ঠানটির নাম পাওয়া যায়নি। (AEM- এর তথ্য যাচাই এখানে ও এখানে)

যোগাযোগ করা হলে সোহেল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্সট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ শেখ দাবি করেন, কোনো ধরনের অনিয়মের সঙ্গে তারা জড়িত নন। যথাযথ নিয়ম মেনেই চলছে তাদের ঠিকাদারি ব্যবসা।

তার দাবি, আমদানিকারক প্রতিষ্ঠান সোহেল ইঞ্জিনিয়ারিংয়ে সরবরাহকৃত এসব যন্ত্রপাতির প্রস্তুতকারক ‘রাইনো ইকুইপমেন্ট’ (Rhino Equipment), যা যুক্তরাষ্ট্রের কারখানা মালিক সমিতিরও সদস্য।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান ক্রয় কর্মকর্তা এ এইচ এম আরিফুল ইসলাম সম্প্রতি একই বিষয়ে একজন ব্যবসায়ীর উকিল নোটিশের জবাবে জানান, রাইনো ইকুইপমেন্ট গ্রুপ (Rhino Equipment Group Inc., USA), যুক্তরাষ্ট্র—চেইন ডোজারের প্রকৃত প্রস্তুতকারক। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের টেন্ডার মূল্যায়ন কমিটি যাচাই করে দেখেছে যে, এই মার্কিন কোম্পানির নির্মাণ-যন্ত্রপাতি ও চেইন ডোজার তৈরির ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তাদের ৮ টন থেকে ৬১.৫ টন ওজনের বিভিন্ন ক্ষমতার চেইন ডোজার তৈরির বৈশ্বিক অভিজ্ঞতা রয়েছে।

তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের এই কোম্পানির প্রয়োজনীয় উৎপাদন সুবিধা (Manufacturing Facilities) আছে। রাইনো ইকুইপমেন্ট গ্রুপ আন্তর্জাতিক মান বজায় রেখে যুক্তরাষ্ট্রজুড়ে তাদের কারখানা এবং অ্যাসেম্বলি প্ল্যান্টের মাধ্যমে ভারী যন্ত্রপাতি ও নির্মাণ সরঞ্জাম উৎপাদন করে থাকে।

তিনি আরও দাবি করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের শিল্প তালিকার তথ্য অনুযায়ী, রাইনো ইকুইপমেন্ট গ্রুপ অফিসিয়াল সার্টিফিকেশনপ্রাপ্ত একটি আইনগতভাবে স্বীকৃত মূল প্রস্তুতকারক। তবে রাইনো ইকুইপমেন্ট গ্রুপ Association of Equipment Manufacturers—AEM-এর সদস্য দাবি করলেও AEM-এর ওয়েবসাইটে এই নামে কোনো প্রতিষ্ঠানের নাম পাওয়া যায়নি। (AEM- এর তথ্য যাচাই এখানে ও এখানে)

AEM 2

একই ঘটনা দেখা যায় চলতি বছরের এপ্রিল মাসে। দুটি ব্র্যান্ড নিউ চেইন এক্সক্যাভেটর (স্মল), একটি চেইন এক্সক্যাভেটর (বিগ) এবং একটি চেইন ডোজার (স্মল) কেনার দরপত্র আহ্বান করে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। ১০ মে খোলা হয় দরপত্র। যেখানে আবারও কাজ পায় সোহেল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্সট্রাকশন লিমিটেড। তারা সরবরাহ করতে চায় সেই মার্কিন রাইনো ব্র্যান্ডের পণ্য।

প্রসঙ্গত, ১২৪৬০৩৪ আইডির টেন্ডারে এবারও শর্ত দেওয়া হয়েছে, পণ্যের কান্ট্রি অব অরিজিন, কান্ট্রি অব ম্যানুফ্যাকচারার, কান্ট্রি অব অ্যাসেম্বল এবং কান্ট্রি অব শিপমেন্ট—সবই হতে হবে নির্দিষ্ট কিছু দেশ থেকে। সেই তালিকায় আছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ইউকেসহ কয়েকটি দেশের নাম। সেখানেও অনুপস্থিত চীনের নাম। (১২৪৬০৩৪ টেন্ডার ডকুমেন্টস দেখুন এখানে)

এই জালিয়াতির অভিযোগ শুধু ময়মনসিংহ সিটিতে নয়। প্রাপ্য নথিপত্র থেকে দেখা যায়—ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং এলজিইডির বিভিন্ন প্রকল্পে এই ব্র্যান্ডের আরও একাধিক পণ্য সরবরাহ করেছে সোহেল ইঞ্জিনিয়ারিং। তার মধ্যে উন্নয়ন সহযোগী জাইকার অর্থায়নে পরিচালিত প্রকল্পও রয়েছে।

রাজস্ব বোর্ডের তথ্যেও দেখা গেছে, যুক্তরাষ্ট্র থেকে রাইনো ইকুইপমেন্টস ব্র্যান্ডের পণ্য নিয়মিত আমদানি করে সোহেল ইঞ্জিনিয়ারিং। (রাজস্ব বোর্ডের তথ্য দেখুন এখানে)

জানা যায়, চলতি বছরের মার্চ মাসে একটি ব্র্যান্ড নিউ অ্যাম্ফিবিয়াস এক্সক্যাভেটর কেনার দরপত্র আহ্বান করে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। ০৭ এপ্রিল খোলা হয় দরপত্র। নানা ধাপ পেরিয়ে কাজ পায় এইচটিএমএস লিমিটেড নামের আরেকটি ঠিকাদার প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি সরবরাহ করতে চায় কানাডিয়ান MTZ ব্র্যান্ডের পণ্য। টেন্ডারে শর্ত দেওয়া হয়েছে, পণ্যের কান্ট্রি অব অরিজিন, কান্ট্রি অব ম্যানুফ্যাকচারার, কান্ট্রি অব অ্যাসেম্বল এবং কান্ট্রি অব শিপমেন্ট—সবই হতে হবে নির্দিষ্ট কিছু দেশ থেকে। সেই তালিকায় আছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ইউকে, জাপান, জার্মানি, সুইজারল্যান্ড, সুইডেন এবং নেদারল্যান্ডসের নাম।

সূত্র জানায়, এইচটিএমএস যে ব্র্যান্ডের পণ্য সরবরাহ করতে চায়, কানাডিয়ান সেই কোম্পানিটি অ্যাম্ফিবিয়াস এক্সক্যাভেটরের মতো কোনো পণ্যের ব্যবসাই করে না। কানাডার সেই MTZ Equipments-এর ওয়েবসাইট (https://www.mtzequipment.com/) ঘেঁটে দেখা যায়, তারা মূলত বেলারুশ থেকে Minsk ব্র্যান্ডের ট্রাক্টর আমদানি করে পুরো উত্তর আমেরিকা অঞ্চলে বিক্রি করে। একই সঙ্গে আরও কিছু পণ্য বিক্রি করে, যা কৃষিকাজের সঙ্গে সম্পর্কিত।

সিটি কর্পোরেশনে টেন্ডার দাখিলের সময় এইচটিএমএস যেসব নথি জমা দিয়েছে, সেসব নথিতে MTZ Equipments-এর ওয়েবসাইট ঠিকানা লেখা হয়েছে—https://www.mtzequipment.ca/। ওয়েব-ডোমেইনের তথ্যদানকারী প্রতিষ্ঠান who.is-এ যাচাই করে দেখা যায়, https://www.mtzequipment.ca/ ডোমেইনটি রেজিস্ট্রেশন করা হয়েছে ২০২৫ সালের ৪ অক্টোবর।(who.is এর তথ্য এখানে)

Whois mtzequipment-1

https://www.mtzequipment.ca/ ওয়েবসাইটে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা হয়েছে ১৯৯৪ সালে। অথচ বাস্তবে কানাডিয়ান MTZ Equipments ব্যবসা শুরু করে ১৯৪৬ সালে। তারা ট্রাক্টর তৈরি করে মূলত গত ৬০ বছর ধরে। এই সময়ে তারা প্রায় ৩ মিলিয়ন ট্রাক্টর বিক্রি করেছে।

যে অ্যাম্ফিবিয়াস এক্সক্যাভেটর সরবরাহ করার জন্য এইচটিএমএস লিমিটেড নামের ঠিকাদার কার্যাদেশ পেয়েছে, সেটির ব্রশিওর দেখা যায় ওয়েবসাইটে। যেখানে পণ্যের গায়ে মার্কিন বিখ্যাত মেশিন নির্মাতা CAT-এর লোগো বসানো। (ছবি দেখুন এখানে , ছবি এখানে)। যদিও একই ওয়েবসাইটে অন্যান্য মেশিনারিজে বসানো রয়েছে MTZ এর লোগো। (অন্যান্য ছবি এখানে)

mtz mark

MTZ এর ব্রশিওর-এ লেখা CAT এর লোগো। ছবি:

https://www.mtzequipment.ca/ এর ওয়েবসাইট থেকে সংগৃহীত।


এভাবে ভুয়া পণ্য সরবরাহের চেষ্টা করা হয়েছে কি না, তা জানতে নথিপত্র সংযুক্ত করে চিঠি দেওয়া হয় ময়মনসিংহ সিটি কর্পোরেশনে। তার জবাব দেন প্রধান ক্রয় কর্মকর্তা এ এইচ এম আরিফুল ইসলাম। তিনি দাবি করেছেন, MTZ Equipments নামের কোম্পানিটি বিশ্বজুড়ে চেইন এক্সক্যাভেটর বা ডোজারের মতো পণ্য সরবরাহ করে। তা যাচাই করে দেখেছে টেকনিক্যাল স্পেসিফিকেশন কমিটি। তাতে তারা কোনো অসংগতি পাননি।

MTZ-কে ৩০ মাসের জন্য নিষিদ্ধ করেছিল বিশ্বব্যাংক

২০১৯ সালে আফগানিস্তানের একটি প্রকল্পে জালিয়াতির জন্য MTZ-কে ৩০ মাসের জন্য নিষিদ্ধ করেছিল বিশ্বব্যাংক। সে বছরের ৩০ অক্টোবর বিশ্বব্যাংকের নোটিশে বলা হয়—কানাডাভিত্তিক MTZ-কে ৩০ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে, যারা কৃষিকাজের যন্ত্রপাতি বিপণন করে। ওই নোটিশে হেভি মেশিনারিজ-সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। (নিষিদ্ধ করার তথ্য দেখুন এখানে)

নথিপত্র যাচাই করে দেখা গেছে, এ যাবৎকালে সোহেল ইঞ্জিনিয়ারিং এবং এইচটিএমএস লিমিটেড নামের প্রতিষ্ঠান দুটি মিলে শুধু ময়মনসিংহ সিটি কর্পোরেশনেই পণ্য সরবরাহ করেছে প্রায় শত কোটি টাকার। আর সর্বশেষ কার্যাদেশ হলো এই অ্যাম্ফিবিয়াস এক্সক্যাভেটর ক্রয়।

প্রতিষ্ঠানটির মালিক বিতর্কিত আফতাব আহমেদ। তিনি সরকারের সাবেক সিনিয়র সহকারী সচিব। অবসরে যান ২০১২ সালে। এরপর শুরু করেন ঠিকাদারি ব্যবসা। স্বাস্থ্যের ঠিকাদার চক্রের তালিকায় নাম ছিল তার। দৈনিক দেশ রূপান্তরের একটি প্রতিবেদনে তার বিতর্কিত কার্যকলাপ নিয়ে সংবাদ প্রকাশ করা হয় ২০২০ সালের ২২ জুলাই। (প্রতিবেদনটি পড়ুন এখানে)

বিভিন্ন খাতে অনিয়মের অভিযোগে ১৪টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যেখানে তার প্রথম কোম্পানি SSL-এর নামও ছিল। সেই কোম্পানিটি দুদক নিষিদ্ধ করে ২০২০ সালে। একইসঙ্গে নিষিদ্ধ করা হয় মালিক আফতাব আহমেদকেও। তবে এরপর তিনি নতুন নামে ব্যবসা শুরু করেন। খোলেন এইচটিএমএস লিমিটেড। এই প্রতিষ্ঠানটিও টিসিবির টেন্ডারে অনিয়মের জন্য নিষিদ্ধ হয়।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান ক্রয় কর্মকর্তা এ এইচ এম আরিফুল ইসলাম মালামাল গ্রহণের বিষয়ে বলেন, এখনো এই মালামাল সিটি কর্পোরেশন রিসিভ করেনি। আমাদের একটি টেকনিক্যাল কমিটি রয়েছে, যা পুরো বিষয়টি যাচাই-বাছাই করে দেখবে।

450f8b55-ec18-49a3-bfce-789c61c3d167

শর্ত ভঙ্গের বিষয়ে আরও বলেন, যদি অনুসন্ধানে এটি অরিজিনালি আমেরিকান তৈরি না হয়ে থাকে, তবে সিটি কর্পোরেশন এই মালামাল রিসিভ করবে না এবং কোনো বিলও পেমেন্ট করবে না।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মিঞা এ বিষয়ে বলেন, চাইনিজ মালামাল তারা যুক্তরাষ্ট্র থেকে এসেছে বলে গ্রহণ করবেন, এমন কোনো প্রশ্নই ওঠে না।

তিনি জানান, তাদের টিম বিষয়টি দেখে সব বুঝে এসেছেন এবং মালামাল এখনো এসে পৌঁছায়নি। তাই তারা কোনো বিল পেমেন্টও করেননি। চুক্তির বাইরে বা ভুল অরিজিন থেকে মালামাল এলে সিটি কর্পোরেশন তা কোনোভাবেই গ্রহণ করবে না বলে জানান তিনি।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকনুজ্জামান রোকন বলেন, নিয়ম ও বিধি মোতাবেক কেনাকাটা করা হয়েছে। কেনাকাটার ক্ষেত্রে সিটি কর্পোরেশন থেকে তাদের একটি টেকনিক্যাল কমিটি সংশ্লিষ্ট দেশে যায়। তারা সেখানে গিয়ে মালামাল দেখে পরীক্ষা করে, যদি সঠিক বলে সিদ্ধান্ত দেয়, কেবল তখনই তারা সেটি গ্রহণ করেন।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, এটা অনেক সময় কর্মকর্তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে কিছু প্রতিষ্ঠানকে খুশি রাখতে ইচ্ছাকৃতভাবে করে থাকেন। এখানে অবশ্যই নিশ্চিত করা দরকার যে কোনো অনিয়ম হয়নি। সরকারি কোনো অর্থ অন্যায্যভাবে ব্যয় হয়নি।

এমএম/ইএফ