যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের হেনস্তার শিকার হয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) আওয়ামী লীগের এই হেনস্তার ঘটনাকে কিভাবে উপস্থাপন করছে গণমাধ্যম, তা যাচাই করেছে বেঙ্গল লেন্স।
বেঙ্গল লেন্সের পর্যবেক্ষণে দেখা গেছে, বেশ কয়েকটি সংবাদমাধ্যমে হেনস্তায় জড়িত কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের সদস্যদের দলীয় পরিচয় গোপন করা হয়েছে। এছাড়া শিরোনামে এমন শব্দ বাছাই করা হয়েছে যাতে হেনস্তাকারীদের বীরত্ব প্রকাশ পায় এবং ড. ইউনূসকে ক্ষুব্ধ সাধারণ প্রবাসীদের ক্ষোভের লক্ষ্যবস্তু হিসেবে উপস্থাপন করে।
এতে সবচেয়ে উৎসাহী হিসেবে দেখতে পাওয়া যায় দৈনিক কালেরকন্ঠকে। “তুমি বাংলাদেশে হাজারো পুলিশ-জনতা খু/ন করেছো' নিউইয়র্কে তোপের মুখে ইউনূস” এধরণের শিরোনামে পত্রিকাটির ফেসবুক পেইজে মোট ৭ বার হেনস্তার ভিডিও ও ফটোকার্ড পোস্ট করা হয়েছে। সবগুলো পোস্টেই ড. ইউনূসকে সন্ত্রাসী আখ্যা দেওয়ার বিষয়টি উদ্ধৃতি আকারে উল্লেখ করা হয়েছে এবং ‘তোপের মুখে ইউনূস’ উল্লেখ করা হয়েছে।
ইত্তেফাক সংবাদের শিরোনাম দিয়েছে “নিউইয়র্কে তোপের মুখে ড. ইউনূস”।
দ্য ডেইলি সান সংবাদের শিরোনাম দিয়েছে ‘ইউ টেরোরিস্ট' নিউইয়র্কে তোপের মুখে ডক্টর ইউনূস’
বাংলাদেশ প্রতিদিনের সংবাদের শিরোনাম ‘নিউইয়র্ক বিমানবন্দরে প্রাবাসীদের তোপের মুখে ড. ইউনূস’
মাছরাঙা টিভির শিরোনাম ছিল ‘ইউ টেরোরিস্ট' নিউইয়র্কে তোপের মুখে ডক্টর ইউনূস’
এমন শিরোনামে আরো সংবাদ করেছে, চ্যানেল আই, বাংলানিউজ-২৪, দ্য ডেইলি ক্যাম্পাস, বিডি টুডে, দৈনিক শিক্ষা।
এসব নিউজের ভেতরে অনেক ক্ষেত্রে স্বাভাবিক বর্ণনা থাকলেও শিরোনামের ভাষা অনেকাংশেই উদযাপনের ইঙ্গিত বহন করে।
"তোপের মুখে", "ইউ টেরোরিস্ট", —এ ধরনের শব্দ ব্যবহার করে সংবাদমাধ্যমগুলো মূলত হামলাকারীদের জন্য একটি ‘মানসিক বিজয়’ বা উদযাপনের ক্ষেত্র তৈরি করে। তোপ শব্দটি সাধারণত বিক্ষুব্ধ জনসাধারণের ন্যায্য ক্ষোভের বহি:প্রকাশ হিসেবে ব্যবহার করা হয়। এছাড়া হেনস্তাকারীদের ব্যবহার করা শব্দ উদ্ধৃতি আকারে ব্যবহার করার মাধ্যমে মূলত তাদের বক্তব্য প্রচার করা হয়েছে।
হেনস্তাকারীদের রাজনৈতিক পরিচয় স্পষ্ট থাকলেও তাদের “প্রবাসী” হিসেবে উল্লেখ করার মাধ্যমে এটিকে সাধারণের ক্ষোভ হিসেবে উপস্থাপন করা হয়েছে।
“প্রবাসীদের তোপের মুখে” শব্দগুচ্ছ ব্যবহার করে ড. ইউনূসকে হেনস্তার ঘটনাটি প্রচার ও উদযাপন করতে দেখা গেছে আওয়ামীপন্থীদেরও। এমন কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে।
তবে কয়েকটি সংবাদমাধ্যম হেনস্তাকারীদের রাজনৈতিক পরিচয় উল্লেখ করেছে এবং ঘটনাটিকে হেনস্তা হিসেবে উল্লেখ করে শিরোনাম করেছে।
যেমন ইনকিলাব শিরোনাম করেছে, "যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-যুবলীগের", ঢাকা ডায়েরি শিরোনাম করেছে, "যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. ইউনূসকে আ. লীগ নেতাকর্মীদের হেনস্তা", টাইমস টুডে শিরোনাম করেছে "যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা করল নিষিদ্ধ আওয়ামী লীগ"।
বেঙ্গল লেন্স ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জড়িত ৫ জনের পরিচয় নিশ্চিত হয়েছে। এর মধ্যে ছিলেন- নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, যুক্তরাষ্ট্র যুবলীগের কর্মী সাগর চৌধুরী, যুক্তরাষ্ট্র যুবলীগের সাধারণ সম্পাদক মিজান চৌধুরী, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সাখাওত হোসেন চঞ্চল এবং জ্যাকসন হাইটস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তানভীর কায়সার।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, ‘ড. ইউনূসের প্রশ্নটা যেহেতু চলে এসেছে, আমি শুধু একটা বিষয় একটু জানতে চাই, বাংলাদেশের কিছু গণমাধ্যম যখনই জুলাইয়ের সঙ্গে বা অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত কেউ হেনস্তার শিকার হন, তখন বাংলাদেশের কিছু গণমাধ্যম এমনভাবে নিউজ করে যে, মনে হয় যেন এটা তার প্রাপ্যই ছিল।’
তথ্য ও মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে গণমাধ্যমের এসব বিষয় মনিটরিং করছেন কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, ‘আমরা একটা কথা একটু মনে রাখবো সবসময়, এই আলাপটা আগেও হয়েছে। কোনো আচরণ ক্রিমিন্যাল অফেন্স কি-না, এই যে কিছু মিডিয়ার ফ্রেমিংয়ের কথা বলছেন, কিছু মিডিয়ার এ ধরনের ফ্রেমিং আছে। এটা আমাদের নিশ্চয়ই চোখে আছে। এই মন্ত্রণালয়ের দায়িত্বের একটা অংশ হচ্ছে জিনিসগুলো খেয়াল রাখা।’