আহনাফ তাহমিদ নামের ফেসবুক আইডি থেকে বিএনপির অ্যাক্টিভিস্ট রেজাউল করিম রনির নামফলক যুক্ত ছবি দিয়ে পোস্ট করে বলা হয়, ‘বিটিভির সদর দপ্তরে ডিজির পাশের রুমে রেজাউল করিম রনিকে একটা রুম দেয়া হইসে। জিনিসটা আবার গোপনও রাখা হইসে। আশাকরি কাজী জেসিন আর রেজাউল করিম রনি একসাথে বিটিভিতে ভালোই আছেন। কিন্তু এমন লুকোচুরি কেন? জবাবদিহিতার স্বার্থে উন্মুক্ত করা উচিত।’

আহনাফ তাহমিদের এ স্ট্যাটাস ভাইরাল হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা ছড়িয়ে পড়ে। এটাকে কেন্দ্র করে শুরু হয় আলোচনা সমালোচনা। ভাইরাল পোস্টের সাথে একটি ছবিও দেখা যায়, যেখানে সাদা ওয়ালে ইংরেজিতে রেজাউল করিম রনির নাম ইংরেজিতে দেখা যাচ্ছে।

এর প্রেক্ষিতে ইংরেজি দৈনিক ডেইলি ওয়াদা একটি ফ্যাক্টচেক স্টোরি করে দাবি করে, রনি বিটিভিতে কোনো ধরনের রুম বরাদ্দ পাননি। “Did Rezaul Karim Rony get an office beside BTV director general?" শিরোনামের প্রতিবেদনকে 'ফ্যাক্টচেক' দাবি করে সেখানে উল্লেখ করা হয়, “ভাইরাল হওয়া একটি ফেসবুক পোস্টে দাবি করা হয়েছে, রনিকে গোপনে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে অফিস স্পেস দেওয়া হয়েছিল। বিটিভি কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের কোনো নিয়োগের কথা তাদের জানা নেই, অন্যদিকে রনি এই অভিযোগ অস্বীকার করেছেন।”

এ বিষয়ে পত্রিকাটি কথা বলে বিটিভির মহাপরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক (প্রশাসন) ও সমন্বয় কর্মকর্তা আসিফা সিদ্দিকা, বিটিভির সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোজাম্মেল এবং বিএনপিপন্থী টকশো ব্যক্তিত্ব রেজাউল করিম রনির সাথে। তিনজনই এমন নিয়োগ বা রুম বরাদ্দের ব্যাপারে জানেন না বলে ওয়াদা উল্লেখ করে।

রেজাউল করিম রনি ডেইলি ওয়াদার কাছে বিটিভিতে যোগ দেওয়ার বিষয়টি স্পষ্টভাবে অস্বীকার করেন। তিনি জামায়াতে ইসলামী, ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ ছাত্রশিবিরের বিরুদ্ধে অভিযোগ ছড়ানোর অভিযোগ করেন।

রনি আরও প্রশ্ন তোলেন কেন তিনি বিটিভির মহাপরিচালকের কার্যালয়ে একটি পদ গ্রহণ করবেন যখন তার মতে, তিনি এর আগে বিএনপি সরকারে মন্ত্রী হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। প্রচারিত নেমপ্লেট ফটোগ্রাফের খবর প্রত্যাখ্যান করে, রনি যারা অভিযোগ করছেন তাদের একটি অফিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট লেটার তৈরি করার জন্য চ্যালেঞ্জ করেন। তিনি বিতর্কটিকে সোশ্যাল মিডিয়ায় তার খ্যাতি নষ্ট করার চেষ্টা হিসাবে বর্ণনা করেছেন।

উল্লেখ্য, দাবিটি করা আহনাফ তাহমিদ কিংবা বিটিভির মহাপরিচালক কাজী জেসিনের সাথে কথা বলেনি ডেইলি ওয়াদা।

বেঙ্গল লেন্সকে যা বললেন বিটিভির ডিজি এবং দাবিকারী আহনাফ তাহমিদ

বিটিভিতে রেজাউল করিম রনির রুম থাকার বিষয়টি নিশ্চিত করে বিটিভির মহাপরিচালক কাজী জেসিন বেঙ্গল লেন্সকে বলেন, ‘কোনো ধরনের নিয়োগ দেওয়া হয়নি। আমাদের বিভিন্ন প্রোগ্রামে রিসার্চের কাজের প্রয়োজনে উনিসহ (রনি) বেশ কয়েকজন বসেন।’ এটা কোনো ধরনের চুক্তি ভিত্তিক নিয়োগ কি-না জানতে চাইলে জেসিন জানান, কোনো ধরনের চুক্তিভিত্তিক নিয়োগ না, রিসার্চ অনুযায়ী কিছু বরাদ্দ থাকে, সেখান থেকে নিয়ম অনুযায়ী কিছু এলোকেশন পান।’

এছাড়া বিটিভির একাধিক সূত্র বেঙ্গল লেন্সকে নিশ্চিত করেছে যে, রেজাউল করিম রনির নেমপ্লট যুক্ত একটি কক্ষ বিটিভি ভবনে রয়েছে।

দাবিটির বিষয়ে আহনাফ তাহমিদে সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বেঙ্গল লেন্সকে বলেন, ‘আমি ফেসবুক পোস্টে তার (রনি) নিয়োগ পাওয়ার বিষয়ে বলিনি, নাম প্রকাশে অনিচ্ছুক সোর্স থেকে ছবি পেয়েছি সেটি পোস্ট করেছি। সরকারি অফিসে এরকম রুম কেমনে থাকে, সেটি উল্লেখ করেছি।’

তিনি আরও বলেন, ‘আমি ক্লেইম (দাবি) করেছি, ডেইলি ওয়াদা ফ্যাক্টচেক করেছে কিন্তু নানা এন্টিটির সঙ্গে যোগাযোগ করেছে, আমার সঙ্গে যোগাযোগ করেনি। আমার সঙ্গে যোগাযোগ না করলে, মানে যে দাবি করেছে তার সঙ্গে যোগাযোগ না করলে ফ্যাক্টচেকের ভিত্তিটা কোথায়, তারা আসলে কিসের বেসিসে (ভিত্তি) ফ্যাক্টচেক করল?’

প্রতিবেদনে একাধিক যোগ বিয়োগ, নেই ব্যাখ্যা

ডেইলি ওয়াদার এই প্রতিবেদনের প্রথম ভার্সনটি বিশ্লেষণ করে দেখা যায়, ফ্যাক্টচেক সিলসহ প্রতিবেদনটিতে বলা হয়, “ভাইরাল ফেসবুক পোস্টে দাবি করা হয়েছে রনিকে গোপনে রাষ্ট্রীয় সম্প্রচার প্রতিষ্ঠানের অফিসে জায়গা দেওয়া হয়েছিল। বিটিভির কর্মকর্তারা বলছেন, তারা কোনো নিয়োগের কথা জানেন না, অন্যদিকে রনিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন।” এবং ফেসবুকে ভাইরাল হওয়া দাবিকে প্রত্যাখ্যান করে ডেইলি ওয়াদার প্রতিবেদনের একেবারে নিচে উল্লেখ করা হয়, “ভার্ডিক্ট: আনসাবস্টানশিয়েটেড” অর্থাৎ দাবির পক্ষে কোনো প্রমাণ নেই।

কিন্তু সামাজিক মাধ্যমে একের পর এক প্রমাণ আসতে থাকলে ওয়াদা তাদের প্রতিবেদন থেকে ভার্ডিক্ট এর লাইনটি উঠিয়ে নতুন একটি প্যারা যুক্ত করেন। সেখানে লেখা হয়, “However, multiple sources inside the state broadcaster have confirmed to Daily Waadaa that Rony has been given an office beside the director general's room. The room previously belonged to BTV's director of administration, according to the sources. They said Rony is regularly seen inside the BTV building and uses the room allocated to him.” যার বাংলা অনুবাদ হলো, “তবে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের একাধিক সূত্র ডেইলি ওয়াদাকে নিশ্চিত করেছে যে, রনিকে মহাপরিচালকের (ডিজি) কক্ষের পাশের একটি অফিস দেওয়া হয়েছে। সূত্রগুলো জানায়, ওই কক্ষটি আগে বিটিভির প্রশাসন পরিচালকের অফিস হিসেবে ব্যবহৃত হতো। তারা আরও বলেন, রনিকে নিয়মিত বিটিভি ভবনের ভেতরে দেখা যায় এবং তিনি তার জন্য বরাদ্দ করা ওই কক্ষটি ব্যবহার করেন।”

অর্থাৎ একটি ফ্যাক্টচেক প্রতিবেদনে প্রথমবার দাবিটিকে ভুয়া বলে চিহ্নিত করে আবার একেবারে বিপরীতধর্মী তথ্য যুক্ত করে ব্যাখ্যা ছাড়াই প্রতিবেদনটিতে পরিবর্তন আনা হয়।

আগেও ব্যাখ্যা ছাড়া কন্টেন্ট সরিয়ে নেয়ার অভিযোগ আছে ওয়াদার বিরুদ্ধে

এর আগে গত আগস্ট মাসে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের পুত্রের জাপানি কোম্পানির সাথে সেতু তৈরিতে অর্থ লগ্নি সংক্রান্ত একটি মতামত প্রতিবেদন প্রকাশ করে ডেইলি ওয়াদা। পরে কোনো ব্যাখ্যা ছাড়াই সে প্রতিবেদন সরিয়ে নেয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম সম্পাদিত পত্রিকাটি।

এ নিয়ে তখন ফেসবুকে বেশ আলোচনা সমালোচনার ঝড় উঠে। এ বিষয়ে দ্য ডিসেন্টের সম্পাদক কদরুদ্দীন শিশির তখন লিখেন, “ডেইলি ওয়াদা সরকারের স্বরাষ্ট্র মন্ত্রীর ছেলেকে নিয়ে ক্রিটিকাল একটা লেখা (ওপিনিয়ন) প্রকাশের পর কোনো ধরনের ব্যাখা ছাড়া সরিয়েছে। সরানোর দুই দিন পার হলেও এখনো কোনো কৈফিয়ত হাজির করেনি পত্রিকাটি।

এ থেকে দুটি বিষয় বুঝা যায়। এক. দেশের ক্ষমতাধরদের বিষয়ে ক্রিটিকাল কিছু লেখার অবাধ পরিবেশ দেশে নাই। দুই. কর্পোরেট মালিকানাধীন মিডিয়া আসলে বাংলাদেশের জন্য আর দরকার নাই। এ ধরনের মিডিয়াতে যত সাহসী কিম্বা পেশাদার সাংবাদিকরা কাজ করুন না কেন, তাদেরকে দিনশেষে মালিকের ইচ্ছার কাছে নিজেকে সপে দিতেই হয়, তাদের নিজেদের ইচ্ছার বিরুদ্ধে হলেও। এখন বাংলাদেশের দরকার ‘ভাংতি টাকায় ফান্ডেড’ মিডিয়া। মানে: পাঠক, এবং স্বাধীন সাংবাদিকতার সমর্থক সামর্থ্যবান লোকজন যে যার মতো করে ‘ভাংতি টাকা’ দেবে এবং সেই টাকায় মিডিয়া চলবে।”