১৯৭৫ সালের ১৫ আগস্ট তৎকালিন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ক্ষমতার পালাবদল ও রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হয়। ৩ নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে একটি সামরিক অভ্যুত্থান ঘটে এবং তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে গৃহবন্দী করা হয়। এর তিনদিন পরেই ৭ নভেম্বর সিপাহী-জনতার অভ্যুত্থানে গৃহবন্দী অবস্থা থেকে মুক্ত হন মেজর জেনারেল জিয়াউর রহমান। যার নেতৃত্ব দেন কর্নেল (অব.) আবু তাহের।

সেই অভ্যুত্থানে নিহত হন মেজর জেনারেল খালেদ মোশাররফ (বীর উত্তম), লেফটেন্যান্ট কর্নেল এটিএম হায়দার (বীর উত্তম), কর্নেল খন্দকার নাজমুল হুদা (বীর বিক্রম)। অপরদিকে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে জিয়াউর রহমান পরবর্তীতে ক্ষমতা গ্রহণ করেন এবং ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। আর তাই এই দিনটির সাথে জড়িয়ে আছে বিএনপির রাজনৈতিক উত্থানের ইতিহাস। প্রতিবছর দলটি ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করে।

অপরদিকে কর্নেল তাহেরের দল জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) দিনটিকে 'সিপাহী-জনতার অভ্যুত্থান দিবস' হিসেবে পালন করে। এছাড়া আওয়ামী লীগ এই দিনটিকে 'মুক্তিযোদ্ধা হত্যা দিবস' হিসেবে পালন করে থাকে।

আর তাই ক্ষমতার পালা বদলের সাথে সাথে ‘৭ নভেম্বর’ দিনটির উদযাপনে পরিবর্তন ও গণমাধ্যমের প্রচারণাতেও এর প্রভাব দেখা যায়। বেঙ্গল লেন্স দেখার চেষ্টা করেছে- গত আওয়ামী লীগ সরকারের সময়ে বাংলাদেশের মূল ধারার দুইটি সংবাদমাধ্যম প্রথম আলো এবং ডেইলি স্টারের সংবাদে এই দিবসটির সংবাদ কতটা গুরুত্ব পেয়েছে, এবং জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে একই দিবসের সংবাদ পরিবেশনে কি ধরনের পরিবর্তন এসেছে। প্রতিবেদনে উল্লিখিত তথ্যগুলো ২০১৪ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত প্রকাশিত সংবাদের তুলনামূলক বিশ্লেষণের ভিত্তিতে যুক্ত করা হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের আগে প্রথম আলো

২০১৪ সালের ৭ নভেম্বর প্রথম আলোর ২য় পাতায় ১ কলামের ২টি সংবাদ প্রকাশ করা হয়। “লন্ডনে সভায় তারেক 'ইনু বাহিনী' ৭৫-এ হত্যার পটভূমি তৈরি করেছিল’ ও “আজ ঘটনাবহুল ৭ নভেম্বর”। এছাড়া সাংবাদিক ও কলামিস্ট সোহরাব হাসান এর একটি কলাম ছাপানো হয়, "বেহাত বিপ্লব ও জাসদের উত্থান-পতন"।

২০১৫ সালের ৭ নভেম্বর প্রথম আলোর ২য় পাতায় এক কলামের ১টি সংবাদ প্রকাশ করা হয়। “আজ ঘটনাবহুল ৭ নভেম্বর”।

২০১৬ সালের ৭ নভেম্বর ২য় পাতায় এক কলামের ১টি সংবাদ প্রকাশ করা হয়। “আলোচিত ৭ নভেম্বর আজ”। এছাড়া মহিউদ্দিন আহমদের লেখা ‘৭ নভেম্বরের সুরতহাল’ শিরোনামে একটি কলাম প্রকাশ করা হয়।

২০১৭ সালের ৭ নভেম্বর প্রথম আলোর ২য় পাতায় এক কলামের ১টি সংবাদ প্রকাশ করা হয়। “ঘটনাবহুল ৭ নভেম্বর আজ”। এছাড়া মিজানুর রহমান খানের লেখা- “মার্কিন গোপন নথিতে ৭ নভেম্বরের পূর্বাপর” শিরোনামে একটি কলাম প্রকাশিত হয়।

২০১৮ সালের ৭ নভেম্বর প্রথম আলোর ২য় পাতায় এক কলামের ১টি সংবাদ প্রকাশ করা হয়। “ঘটনাবহুল ৭ নভেম্বর আজ”

২০১৯ সালের ৭ নভেম্বর দিবসটি নিয়ে কোনো সংবাদ বা কলাম প্রকাশ করেনি প্রথম আলো।

২০২০ সালের ৭ নভেম্বর প্রথম আলোর ২য় পাতায় এক কলামের ১টি সংবাদ প্রকাশ করা হয়। “ঘটনাবহুল ৭ নভেম্বর আজ”। তবে এই সংবাদে আগের বছরের সংবাদসমূহের সাথে একটি ছোট পরিবর্তন দেখা যায়। আগের সংবাদগুলোতে শেখ মুজিবের নামের আগে ‘বঙ্গবন্ধু’ লেখা হলেও এই সংবাদে লেখা হয় ‘জাতির জনক বঙ্গবন্ধু’।

এছাড়া লেখক মহিউদ্দিন আহমদ এর “রাজনীতির খোলনলচে পাল্টে যাওয়ার দিন” শিরোনামে একটি কলাম ছাপানো হয়। যেখানে লেখক উল্লেখ করেন, “স্মরণকালের নৃশংসতম হত্যাকাণ্ড ঘটে গেল পঁচাত্তরের ১৫ আগস্ট। হত্যাকাণ্ড সংঘটিত হলো ৭ নভেম্বরেও। এ দেশে সব শাসকের হাতেই আছে রক্তের দাগ। ব্যতিক্রম শুধু খালেদ মোশাররফ, যাঁর শাসনক্ষমতায় থাকার সুযোগ হয়েছিল মাত্র তিনদিন। ৩ নভেম্বরের অভ্যুত্থানকে খালেদ টেকসই করতে পারেননি। জনমনস্তত্ত্ব তো দূরের কথা, সেনামনস্তত্ত্বও তিনি বুঝতে পারেননি। অভ্যুত্থান ব্যর্থ হলে চরম মূল্য দিতে হয়। খালেদ-হুদা-হায়দার যে পরিস্থিতিতে নিহত হলেন, তা বিয়োগান্ত। এই পরিপ্রেক্ষিতেই ‘মুক্তিযোদ্ধা হত্যা দিবস’।”

এই কলামে কিছুটা দায়মুক্তি দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফকে। যার নেতৃত্বে ১৯৭৫ সালের ৩ নভেম্বর সংঘটিত সেনা অভ্যুত্থানে কারাবন্দি চার নেতা- সৈয়দ নজরুল ইসলাম (অস্থায়ী রাষ্ট্রপতি), তাজউদ্দীন আহমদ (প্রথম প্রধানমন্ত্রী), ক্যাপ্টেন এম মনসুর আলী (প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী) ও এএইচএম কামারুজ্জামান (স্বরাষ্ট্রমন্ত্রী) কে হত্যা করা হয়েছিল।

২০২১ সালের ৭ নভেম্বর প্রথম আলোর ২ পাতার ৪র্থ কলামে একটি সংবাদ প্রকাশ করে, যার শিরোনাম ছিলো- “ঘটনাবহুল ৭ নভেম্বর আজ”।

২০২২ সালের ৭ নভেম্বর একই শিরোনামে ২ পৃষ্ঠার ৬ষ্ঠ কলামে প্রকাশিত সংবাদে লেখা হয়। এই সংবাদে অন্য বছরের সংবাদের চেয়ে কিছুটা ভিন্নতা দেখা যায়- শেখ মুজিবের নামের আগে “জাতির পিতা বঙ্গবন্ধু” যুক্ত করার মাধ্যমে।

এছাড়া ৭ নভেম্বর মহিউদ্দিন আহমদের একটি কলাম প্রকাশ করা হয়, যার শিরোনাম ছিলো “ফিরে দেখা ৭ নভেম্বর”।

R (78)

২০২২ সালের ৮ নভেম্বর “৭ নভেম্বরের আলোচনায় ইনু: দেশে পাকিস্তানপন্থার সরকার আনার অপরাজনীতি চলছে” শিরোনামে প্রথম আলোয় প্রকাশিত একটি সংবাদে হাসানুল হক ইনুর বরাতে লেখা হয়- “দেশে জিয়াউর রহমান-খন্দকার মোশতাকের চাপিয়ে দেওয়া পাকিস্তানপন্থার সরকার আনার অপরাজনীতি চলছে” “কর্নেল তাহের ও সিপাহিরা জীবনের ঝুঁকি নিয়ে জিয়াউর রহমানকে সেদিন মুক্ত করেছিলেন। কিন্তু জিয়া মুক্ত হয়ে বিশ্বাসঘাতকতা করেছিলেন। ৭ নভেম্বরের ঘটনায় কর্নেল তাহের মহানায়ক, জিয়া খলনায়ক। বঙ্গবন্ধু যেমন খন্দকার মোশতাককে বিশ্বাস করে ভুল করেছিলেন, তেমনি কর্নেল তাহেরও জিয়াকে বিশ্বাস করে ভুল করেছিলেন।”

একইদিন আরেকটি সংবাদে তৎকালিন স্বরাষ্ট্রমন্ত্রি আসাদুজ্জামান খানের বক্তব্যকে উদ্ধৃতি করে প্রথম আলোয় লেখা হয়, “মুক্তিযোদ্ধা হত্যাকারীদের বিচার হবে স্বরাষ্ট্রমন্ত্রী”। প্রতিবেদনটিতে আরও লেখা হয়, “সভায় জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করেন ৭ নভেম্বর নিহত মেজর জেনারেল খালেদ মোশাররফের মেয়ে ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহজাবিন খালেদ এবং কর্নেল খন্দকার নাজমুল হুদার মেয়ে ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাহিদ ইজাহার খান। সভায় বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেন, ‌‘১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা, ৩ নভেম্বর জেলহত্যা, ৭ নভেম্বর মুক্তিযোদ্ধাদের হত্যা ও ১৯৭৭ সালে মুক্তিযোদ্ধাদের হত্যা—সবই একই সুতায়, একই ধারাবাহিকতায় গাঁথা।”

২০২৩ সালের ৭ নভেম্বর একই শিরোনামে সংবাদ প্রকাশ করে প্রথম আলো। “ঘটনাবহুল ৭ নভেম্বর আজ”। সংবাদে আরও লেখা হয়, “প্রগতিশীল অনেক দল ও সংগঠন ৭ নভেম্বরকে ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস’ হিসেবে পালন করে।” “১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যার মধ্য দিয়ে দেশে ক্ষমতার পটপরিবর্তন ঘটে। এরপর ওই বছরের ৩ নভেম্বর কারাগারে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। শুরু হয় সেনাবাহিনীতে পাল্টাপাল্টি অভ্যুত্থানের ঘটনা। এসব ঘটনার একপর্যায়ে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দী হন। ৭ নভেম্বর এক অভ্যুত্থানে তিনি মুক্ত হন। এর মাধ্যমে তাঁর ক্ষমতায় যাওয়ার পথ তৈরি হয়।”

জুলাই গণঅভ্যুত্থানের পর ৭ নভেম্বরের সংবাদে গুরুত্ব

জুলাই গণঅভ্যুত্থানের আগে দিবসটিতে ভেতরের পেজে এক কলামে ছোট একটি সংবাদ প্রকাশ করা হলেও ২০২৪ সালের ৭ নভেম্বর দেখা যায় ভিন্ন চিত্র। এদিন প্রথম পাতায় তারেক রহমানের বক্তব্য উদ্ধৃতি করে প্রথম আলোতে ছাপানো হয় বিপ্লব ও সংহতি দিবসের সংবাদ। যার শিরোনাম দেওয়া হয় “ভোটাধিকার নিশ্চিত হলে দল নিষিদ্ধের দায়ভার থাকে না”।

একইদিন অন্যবছরের মতো “ঘটনাবহুল ৭ নভেম্বর আজ” শিরোনামেও সংবাদ প্রকাশ করে প্রথম আলো। তবে আগের সংবাদগুলোতে শেখ মুজিবের নামের আগে ‘জাতির পিতা বঙ্গবন্ধু’ লিখলেও এই সংবাদে শুধু ‘বঙ্গবন্ধু লেখা হয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যার মধ্য দিয়ে দেশে ক্ষমতার পটপরিবর্তন ঘটে। এরপর ওই বছরের ৩ নভেম্বর কারাগারে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। শুরু হয় সেনাবাহিনীতে পাল্টাপাল্টি অভ্যুত্থানের ঘটনা। এসব ঘটনার একপর্যায়ে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দী হন। ৭ নভেম্বর এক অভ্যুত্থানের মাধ্যমে তিনি মুক্ত হন।

এছাড়া ২০২৪ সালের ৭ নভেম্বর মহিউদ্দিন আহমদের একটি কলাম প্রকাশ করা হয়, যার শিরোনাম ছিলো “৭ নভেম্বর না হলে বিএনপির জন্ম হতো না ”

R (59)

২০২৫ সালের ৭ নভেম্বর একাধিক সংবাদ প্রকাশ করে প্রথমআলো। প্রথম পাতায় প্রকাশিত সংবাদের শিরোনাম ছিলো “বিএনপির নির্বাচনী যাত্রা শুরু ৭ নভেম্বরের কর্মসূচির মধ্য দিয়ে”। ২ পৃষ্ঠায় জিয়াউর রহমানের ছবি সহ প্রকাশিত সংবাদের শিরোনাম দেওয়া হয়, “ঘটনাবহুল ৭ নভেম্বর আজ”। “‘সিপাহি ইন্তিফাদা’ যে কারণে আজও প্রাসঙ্গিক”।

গতকাল ৭ নভেম্বর প্রথমআলোর প্রথম পৃষ্ঠায় প্রকাশিত সংবাদের শিরোনাম ছিলো- “আজ ঐতিহাসিক ৭ নভেম্বর”। অন্য বছরগুলোতে ৭ নভেম্বরের সংবাদে শেখ মুজিবের নামের আগে জাতির পিতা লেখলেও এবার লেখা হয়েছে “তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান”। আরেক সংবাদে লেখা হয়, “সেমিনারে এম সাখাওয়াত হোসেন: জিয়াউর রহমানই জাতীয় ঐক্য দেখিয়ে গিয়েছিলেন”। অপর সংবাদ “৭ নভেম্বরের অভ্যুত্থান: এক জেনারেলের নীরব সাক্ষ্য”। সালাহউদ্দিন আহমদ এর লেখা কলাম “যেদিন বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়”।

জুলাই গণঅভ্যুত্থানের আগে ডেইলি স্টার

২০১৪ সালের ৭ নভেম্বর দ্য ডেইলি স্টার পত্রিকার তৃতীয় পাতার মাঝামাঝি অংশে এক কলামে ‘আজ জাতীয় সংহতি দিবস পালন করছে বিএনপি’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়।

২০১৫ সালের ৭ নভেম্বরও একই শিরোনামে পত্রিকাটির পঞ্চম পাতায় এক কলামে সংবাদ প্রকাশিত হয়।

২০১৬ সালের ৭ নভেম্বর তৃতীয় পাতার ওপরের অংশে এক কলামে ‘সমাবেশের অনুমতি পাওয়ার ব্যাপারে এখনো আশাবাদী বিএনপি’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। একই বছরের ৮ নভেম্বর তৃতীয় পাতার নিচের অংশে এক কলামে ‘৭ নভেম্বর পালন করল বিএনপি’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। সংবাদের পাশে তৎকালীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলটির নেতাকর্মীদের পুষ্পস্তবক অর্পণের একটি ছবিও ছাপানো হয়।

২০১৭ সালের ৭ ও ৮ নভেম্বর পত্রিকাটিতে বিপ্লব ও সংহতি দিবস-সংশ্লিষ্ট কোনো সংবাদ প্রকাশিত হয়নি।

২০১৮ সালের ৮ নভেম্বর চতুর্থ পাতায় দুই কলামে ‘বিপ্লব ও সংহতি দিবস পালন করল বিএনপি’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। সংবাদের পাশে একটি ছবিও প্রকাশ করা হয়। ছবিতে পুলিশের গ্রেপ্তারের আশঙ্কায় কর্মসূচি শেষ করেই দ্রুত স্থান ত্যাগ করছেন বিএনপির এক নেতাকে দেখানো হয়।

২০১৯ সালে দ্য ডেইলি স্টার-এ বিপ্লব ও সংহতি দিবস-সংশ্লিষ্ট কোনো সংবাদ প্রকাশিত হয়নি।

২০২০ সালের ৭ নভেম্বর বীর উত্তম মেজর জেনারেল খালেদ মোশাররফের কন্যা মাহজাবিন খালেদের “১৯৭৫ সালের ৭ই নভেম্বরের ট্র্যাজেডিকে স্বীকৃতি দিন” শিরোনামে একটি কলাম ছাপান হয় ডেইলি স্টারে। সেখানে বিএনপির পালন করা 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' কে ইতিহাসের বিকৃতি উল্লেখ করে বলা হয়, “মাটির এক মহান সন্তান—মেজর জেনারেল খালেদ মোশাররফ—১৯৭৫ সালের এই দিনে শহীদ হন। বাংলাদেশ তাঁকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের অন্যতম শ্রেষ্ঠ কমান্ডার হিসেবে শ্রদ্ধা করে এবং তাঁর কমান্ডের অধীনে থাকা মুক্তিযোদ্ধারা তাঁকে অসাধারণ বীরত্ব ও উজ্জ্বল প্রাকৃতিক নেতৃত্বগুণের অধিকারী এক অভিভাবক হিসেবে দেখতেন। এর পর কেটে গেছে ৪৫ বছর। আজ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) বারবার ইতিহাস বিকৃত করে ৭ নভেম্বরকে 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' এবং 'সিপাহী-জনতা বিপ্লব দিবস' হিসেবে পালন করে আসছে। তাই আমরা বিশ্বাস করি, ১৯৭৫ সালের ৭ নভেম্বর প্রকৃত সত্য কেবল একটি নিরপেক্ষ তদন্ত এবং অপরাধীদের বিচারের মাধ্যমেই উন্মোচিত হতে পারে। ৭ নভেম্বরের এই কালো দিনটিকে 'বীর মুক্তিযোদ্ধা ও সেনা হত্যা দিবস' হিসেবে ঘোষণা করা উচিত, যা অবশেষে ইতিহাসকে সঠিক জায়গায় প্রতিষ্ঠিত করবে।”

২০২১ সালের ৭ নভেম্বরে একই লেখকের “১৯৭৫ সালের ৭ই নভেম্বরের ট্র্যাজেডিকে স্বীকৃতি দিন” শিরোনামে আরেকটি কলাম ডেইলি স্টারে প্রকাশিত হয়। সেখানে বলা হয়, “আজ অবধি আমরা ৭ নভেম্বরের অপরাধীদের বিচারের আওতায় আনতে ব্যর্থ হয়েছি। আমরা এখনও তাদের এই অভ্যুত্থান বা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করতে দিচ্ছি। বাংলাদেশিদের জন্য এই দেশ থেকে এ ধরনের বিকৃতি থেকে মুক্ত করার সময় এসেছে, বিশেষ করে যখন আমরা স্বাধীনতার ৫০ বছর উদযাপন করছি। বাংলাদেশবাসীর ৭ নভেম্বরের সঠিক ইতিহাস জানার এবং এই অন্ধকার রাতে জীবন হারানো মুক্তিযোদ্ধাদের স্মরণ করার অধিকার রয়েছে।

২০২২ ও ২০২৩ সালের ৭ ও ৮ নভেম্বর পত্রিকাটিতে বিপ্লব ও সংহতি দিবস-সংশ্লিষ্ট কোনো সংবাদ প্রকাশিত হয়নি।

অভ্যুত্থানের পর বাড়ে কাভারেজ

২০২৪ সালের ৮ নভেম্বর পত্রিকাটির শেষ পাতার প্রথম অংশে তিন কলামজুড়ে বিএনপির নেতাকর্মীদের জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণের একটি ছবি প্রকাশ করা হয়। এর পাশে এক কলামে পুষ্পস্তবক অর্পণ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে কেন্দ্র করে একটি সংবাদ প্রকাশ করা হয়।

২০২৫ সালের ৭ নভেম্বর শেষ পাতার প্রথম অংশে এক কলামে জিয়াউর রহমানের ছবি সংযুক্ত করে ‘আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়।

একই বছরের ৮ নভেম্বর প্রথম পাতার নিচের অংশে দুই কলামজুড়ে দিবসটি উপলক্ষে বিএনপির মিছিলের একটি ছবি ছাপানো হয়।

R (77)

২০২৬ সালের ৭ নভেম্বর প্রথম পাতায় ‘যেভাবে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন জিয়া’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। একই দিন ‘পরস্পরবিরোধী রাজনৈতিক বয়ানের বাইরে ৭ নভেম্বরকে বোঝা’ শিরোনামে একটি মতামতধর্মী কলামও প্রকাশিত হয়।

২০২৬ সালের ৮ নভেম্বর প্রথম পাতায় তিন কলামজুড়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের র‍্যালিতে নেতৃত্ব দেওয়ার একটি ছবি প্রকাশ করা হয়। একই দিন তৃতীয় পাতায় দুই কলামে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। পাশাপাশি পাতার প্রায় এক-তৃতীয়াংশজুড়ে দিবসটি উদ্‌যাপনের পাঁচটি ছবি প্রকাশ করা হয়।