দুর্গাপূজা উপলক্ষে পশ্চিমবঙ্গের অভিনেত্রী সোহিনী গুহ রায় ফেসবুকে একটি শুভেচ্ছা পোস্ট দিয়েছেন। সেই পোস্টের কমেন্ট সেকশন ভরে গেছে সনাতন ধর্মবিশ্বাস নিয়ে কটূক্তি ও অশালীন মন্তব্যে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটিতে ২৭ হাজারের বেশি কমেন্ট পড়েছে, যার বড় একটি অংশই এ ধরনের মন্তব্য। বেঙ্গল লেন্স যাচাই করে দেখেছে এসব মন্তব্যকারীর বড় অংশই বাংলাদেশি ফেসবুক ব্যবহারকারী।

১২ অক্টোবর অভিনেত্রী সোহিনী গুহ রায় "মা এসে গেছে…" ক্যাপশন দিয়ে পোস্টটি দেন। সনাতন বিশ্বাস অনুযায়ী, শরৎকালে দেবী দুর্গা তাঁর সন্তান লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশকে নিয়ে বাপের বাড়ি, অর্থাৎ মর্ত্যলোকে বেড়াতে আসেন। তাই পূজার আগের দিনগুলোতে হিন্দু ধর্মাবলম্বীরা "মা আসছেন" বলে উৎসবের আমেজ প্রকাশ করেন। এ বছর দুর্গাপূজা ১৬ অক্টোবর শুরু হয়ে ২১ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।

"মা" নিয়ে কটাক্ষ

পোস্টের ক্যাপশনের "মা" শব্দটি ঘিরেই বেশির ভাগ কটূক্তি করা হয়েছে। জহির ভাই নামের একটি আইডি থেকে লেখা হয়েছে, "প্রতি বছর মা আসে, বাবা আসে না কেন?" রিংকু আলী নামের একজন লিখেছেন, "বাবা ছাড়াই মা হয়েছে। আর ভূমিকম্প ছাড়াই পাহাড় হয়েছে"। সাব্বির রহমান নামের আরেকজন লিখেছেন, "ঘরে তো একটা মা আছে। কয়টা মা লাগে আর"।

দেবী দুর্গার পোশাক নিয়েও অশালীন মন্তব্য করা হয়েছে। জামিল মাহমুদ নামের একটি আইডি থেকে লেখা হয়েছে, "মা কি জামা কাপড় পরা ছাড়াই চলে আসছে?" প্রায় একই ধরনের মন্তব্য করেছেন মোহন জোমাদার নামের আরেকজন: "মা এসে গেছে ঠিকই কিন্তু কাপড় ছাড়া"।

বেঙ্গল লেন্স সোহিনী গুহের পোস্টের কমেন্ট বক্সে এধরনের অশালীন ও সাম্প্রদায়িক আক্রমণমূলক শতাধিক মন্তব্য যাচাই করেছে। যাচাইয়ে দেখা যায় এসব মন্তব্যের অধিকাংশই বাংলাদেশি তরুণরা করেছেন।

তবে সোহিনীর পোস্টে সাম্প্রদায়িক আক্রমণের সমালোচনায় সরব হয়েছেন অনেকেই। সোহিনীর পোস্টটি শেয়ার দিয়ে গবেষক ও একটিভিস্ট কল্লোল মোস্তফা লিখেছেন, “কমেন্টগুলো পড়েন। এদেশের মুসলমানদের একটা অংশের মধ্যে সাম্প্রদায়িক বিদ্বেষ কতটা প্রবল ও নোংরা তা উপলবদ্ধি করতে পারবেন।”

শাহাদাত আলী খান নামের একজন পোস্টটি শেয়ার দিয়ে লিখেছেন, “সর্বপ্রাণে, সর্ব নারীতে যে সর্বমঙ্গলা শক্তি চৈতন্যস্বরূপা রূপে বিরাজমানা, সমস্ত কামনাকে পরাভূতকারী সেই মাতৃশক্তির শক্তিতে মহিয়ান নারীকে সালাম। এই ছবিতে আমার কোন কামনা জাগেনি, বরং নারীর প্রতি চিরায়ত সম্মান অধিক বোধ হয়েছে। নিপাত যাক সব মন্দচিন্তা, মন্দভাষার লোকেরা। কমেন্টবক্সে যে পিশাচের দলেরা জড়ো হয়েছে, তাদের বিনাশের প্রতীকই হল শক্তিস্বরূপা দশভুজা। যারা মনে করে "অনুভূতি"র একমাত্র ঠিকাদার তারাই, তারা এবার নিজেদের কাজের দিকেও দেখুক।”

সংবাদমাধ্যমের কমেন্ট সেকশনেও একই চিত্র

এমন মন্তব্য শুধু অভিনেত্রীর পোস্টেই সীমাবদ্ধ নয়। পূজাকে ঘিরে প্রকাশিত বিভিন্ন সংবাদের কমেন্ট সেকশনেও একই ধরনের মন্তব্য দেখা গেছে। ৮ অক্টোবর গভীর রাতে কুষ্টিয়ার কুমারখালীর খয়েরচড়া মাঠপাড়া এলাকায় খয়েরচড়া সার্বজনীন মাতৃমন্দিরের তিনটি প্রতিমা ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ ঘটনা নিয়ে প্রকাশিত সংবাদগুলোর নিচে অনেকে প্রতিমা ভাঙচুরকে সমর্থন করে কিংবা সনাতন বিশ্বাসকে কটাক্ষ করে মন্তব্য করেছেন।

৯ অক্টোবর বিবিসি বাংলা এ ঘটনা নিয়ে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করে। সেটির নিচে Tushar Ahamed Josim নামের একটি আইডি থেকে লেখা হয়েছে, "যখন প্রতিমা ভাঙ্গে তখন সেই কথিত ঠাকুর করে কি নিজেকে নিজে রক্ষা করতে পারেনা"। Rafiq Khan নামের একজন লিখেছেন, "পূজা শেষে তো এমনিতেই মুর্তি ভাঙ্গা হয়,, তাইলে আগে ভাঙ্গলে দোষের কি আছে?" একই প্রতিবেদনে Taniya Khan নামের একটি আইডি থেকে পূজায় সরকারি অনুদান নিয়ে প্রশ্ন তোলা হয়েছে: "আমি একটা কথা জানতে চাই সরকার পুজা করতে কেন টাকা দেয়? অন্য কোন উৎসবে যেমন মুসলিম খ্রিস্টান তাদের কোন কিছু তে দেয় না শুধু পুজাতেই কেন দেয়?"

মাছরাঙা টেলিভিশনের পূজা শুরুর আগেই কুষ্টিয়ায় প্রতিমা ভা‘ঙ‘চুর শিরোনামের একটি সংবাদের কমেন্টে মরিয়ম আক্তার মিম নামের একটি আইডি থেকে লেখা হয়েছে, "যেসময় ভাংছে সে সময় ভগবান কি বলতে পারলোনা? অবশ্য বলবে কেমনে তারই পিছনে বাস দেওয়া"।

আজাহার প্রধান নামের আরেকটি আইডি থেকে লেখা হয়েছে, "ডিসেম্বরে আপা আসিবার পোঁ* সুগম হইতেছে"।

১৪ অক্টোবর ডিবিসি নিউজ "ভুট্টার দানা আর সাবুদানায় তৈরি দুর্গাপ্রতিমা নজর কাড়ছে সবার" শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে। সেটির কমেন্টেও নানা অযাচিত মন্তব্য দেখা গেছে।

“ধর্ম যার যার, উৎসব সবার’ স্লোগানে জামায়াতের আমন্ত্রণে সুব্রত চৌধুরীর অভিনন্দন” শিরোনামে ইনকিলাবে প্রকাশিত একটি সংবাদের কমেন্টেও দেখা যায় এমন মন্তব্য।

Majedul Islam Rasel নামের এক আইডি থেকে এই নিউজের নিচে কমেন্ট করা হয়েছে, ‘তারা ও নাকি ইসলমী দল’।

সরদার ইমাম হোসেন লিখেছেন, ‘উৎসবের আমেজে তাদের একটু গো মূত্র পান করিয়ে দিন’

নিউজটি শেয়ার করে আতাউর রহমান বিক্রমপুরী লিখেছেন, ‘এই আওয়ামী স্লোগানের এক সময় যারা বিরোধিতা করত আজ তারাই সেই স্লোগান দিচ্ছে। ধর্মীয় বিষয়টা টানলাম না। কারণ জামাতকে আমি কোন ধর্মীয় সংগঠন মনে করি না।’

Rimon M Tanvir লিখেছেন, ‘ধর্ম যার যার পূজা শুধু জা*মা*তের’

Rayhan Ali লিখেছেন, ‘দাজ্জালের সেনাবাহিনীর কমান্ডার নিয়োগ হবে জামাত ইসলাম থেকে’

হাসনাতের সম্প্রীতির আহ্বানের প্রতিক্রিয়ায় "শিরক" প্রসঙ্গ

প্রতিমা ভাঙচুরের পরদিন, ৯ অক্টোবর, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আসন্ন দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আলেম-ওলামাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, "শত শত কোটি টাকা ব্যয় করে আওয়ামী লীগ প্রমাণের চেষ্টা করেছে, এ দেশের মাদরাসা শিক্ষা ও আলেম-ওলামারা উগ্রবাদী। আওয়ামী লীগের এই বক্তব্য মিথ্যা প্রমাণ করতে হলে ভিন্ন ধর্মাবলম্বীরা যেন যথাযথভাবে নিজেদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, তা নিশ্চিত করতে হবে।"

তার এই বক্তব্য নিয়ে প্রকাশিত একটি সংবাদের ফটোকার্ড শেয়ার করে নিজাম বিন কবির নামের একজন লিখেছেন, "জমিনের উপরে সবচেয়ে খারাপ কাজ, জঘন্য কাজ, সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরক। মূর্তি বানিয়ে তাদের পূজা করা স্পষ্ট শিরক। আর সেই শিরকের কাজ কে ভালো ভাবে উদযাপন করতে আহ্বান করা হচ্ছে তাদের যারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার একত্ববাদ, তাওহীদের দাওয়াত ছড়িয়ে দেন এবং নিজেদের অন্ততরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার প্রতি বিশ্বাস রাখেন কোনো শিরক ছাড়া।"

হাসনাতের বক্তব্য শেয়ার করে আবু ওসামা লিখেছেন, ‘গতকাল যারা বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে ইসলামী বইমেলায় হাসনাত আবদুল্লাহর মতো পপুলিস্ট প্রতারকের সঙ্গে একটা সেলফি তোলার জন্য, একটু মুসাফাহা করার জন্য নির্লজ্জ রকমের উতলা হয়ে গিয়েছিল, তারা কি নিজেদের ঈমানী গাইরতের জানাজা পড়িয়ে হাসনাতের আহ্বানে সাড়া দিয়ে হিন্দুদের মন্দির পাহারা দিতে রাজি হবে?’