মুনীর হাজারী

সাতক্ষীরার দেবহাটায় ‘ইসলাম ধর্ম অবমাননা’র ধোঁয়া তুলে ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে উন্মত্ত ‘তৌহিদি জনতা!’

জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা শামীম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছে তার পরিবার। ঘটনার সূত্রপাত স্ত্রীর সঙ্গে তার পারিবারিক কলহের একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে। স্ত্রীর সাথে ঝগড়ার সময় করা তার কিছু অযাচিত মন্তব্য কেউ একজন গোপনে রেকর্ড করে অনলাইনে ছড়িয়ে দিলে এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।

পরিস্থিতির চাপে শামীম বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে স্থানীয় এক পল্লিচিকিৎসকের চেম্বারে নেওয়া হলে মওলানা ফজলুল হক আমিনী নামে স্থানীয় এক আলেম ফেসবুক লাইভ করে লোক জড়ো করে প্রথম দফায় তার ওপর হামলা চালান। পরবর্তীতে পুলিশ শামীমকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলেও শেষ রক্ষা হয়নি। রাতে আমিনীর নেতৃত্বে উন্মত্ত তৌহিদি জনতা হাসপাতালে হামলা চালায় এবং চিকিৎসক ও পুলিশের সামনে থেকেই চিকিৎসাধীন মুমূর্ষু শামীমকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে।

২০২৪ এর রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রশাসনের নির্লিপ্ততায় তৌহিদি জনতার এধরনের উন্মাদনা আমরা বহু দেখেছি। পূর্বাচলের ১১ নং সেক্টরে হোসেন আলী শাহের শতবর্ষী মাজারে হামলা, লুটপাট ও আগুন জ্বালিয়ে দেয়া; রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার মৃত্যুর পর তাকে ‘ইসলামবিরোধী’ আখ্যা দিয়ে তার মাজারে হামলা ও লাশ তুলে পুড়িয়ে ফেলা; ভালুকায় ধর্ম অবমাননার কথিত অভিযোগে দীপু চন্দ্র দাস নামের এক পোশাকশ্রমিককে নির্মমভাবে পিটিয়ে হত্যা ও লাশ পুড়িয়ে দেয়া; শেরেক-বেদাতের ধোঁয়া তুলে শতাধিক মাজারে হামলা, ভাঙচুর ও লুটপাট, সর্বশেষ সাতক্ষীরার এই ঘটনা।

প্রতিটা ঘটনাই ঘটানো হয়েছে ইসলামের দোহাই দিয়ে, একটি গোষ্ঠীর ইসলামের প্রতি নিজেদের ভালোবাসা প্রমাণ করতে কিংবা ইসলামকে সুরক্ষার অজুহাতে। কিন্তু ইসলামের নামে এই উন্মত্ত মববাজি ইসলাম নিজেই কতটুকু সমর্থন করে? আদৌ কি ধর্ম অবমাননার অভিযোগ তুলে কাউকে বিচারবহির্ভূতভাবে পিটিয়ে মেরে ফেলার অনুমতি ইসলাম দেয়?

ইসলাম মানবতার ধর্ম, ইসলাম ইনসাফের ধর্ম। ইসলামের দৃষ্টিতে প্রত্যেক ব্যক্তিরই বিচার পাবার অধিকার আছে, সে যত বড় অপরাধীই হোক না কেন। আর বিচারের কর্তৃত্ব কেবলমাত্র শাসক কিংবা তার মনোনীত প্রতিনিধি তথা বৈধ কর্তৃপক্ষের; কোনো ব্যক্তি, দল বা সংগঠনের হাতে এই কর্তৃত্ব ইসলাম দেয়নি। শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে মব সৃষ্টি করে, গণপিটুনি দিয়ে, আগুনে পুড়িয়ে কিংবা অন্য কোনোভাবে কোনো মানুষকে হত্যা করা ইসলামে সম্পূর্ণরূপে হারাম। কারও অপরাধের অভিযোগ সত্য হলেও তার বিচার, প্রমাণ ও সাক্ষ্য গ্রহণ, রায় এবং শাস্তি কার্যকর করা একটি দীর্ঘ প্রক্রিয়া। কিসাস, হদ কিংবা তাযির—সকল ক্ষেত্রেই বৈধ বিচারিক কর্তৃত্ব, প্রমাণের নিয়ম, অভিযুক্তের বক্তব্য শ্রবণ এবং শাস্তির আইনগত পদ্ধতি আছে ইসলামে৷ চলুন আমরা এ ব্যাপারে কুরআন, হাদিস ও ইসলামি ফিকহের গ্রহণযোগ্য কিতাবাদি থেকে এ ব্যাপারে ইসলামের অবস্থান জেনে নিই—

মৌলিকভাবে ইসলাম হত্যা ও রক্তপাতকে হারাম ঘোষণা করেছে। এমনকি একজন নিরপরাধ মানুষ হত্যাকে গোটা মানবজাতিকে হত্যা করা এবং একটি প্রাণ বাঁচিয়ে দেয়াকে গোটা মানবজাতিকে বাঁচিয়ে দেয়ার সাথে তুলনা করা হয়েছে। আল্লাহ তায়ালা বলেন: “যে ব্যক্তি কোনো প্রাণের বিনিময় বা পৃথিবীতে ফাসাদ করার শাস্তি ছাড়া একটি প্রাণ হরণ করল, সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করল; আর যে একটি প্রাণ বাঁচিয়ে দিলো, সে যেন সমগ্র মানবজাতিকে বাঁচিয়ে দিলো।” —সুরা আল-মায়িদা, ৫:৩২।

মবের প্রথম ধাপ হলো, গুজব। অভিযোগ বা ভিডিও ছড়ায়, যাচাই ছাড়াই অপরাধী ঘোষণা হয়, জনতা উত্তেজিত হয়, তারপর আইন হাতে তুলে নিয়ে জনতা নিজেই শাস্তি বাস্তবায়ন করে ফেলে। এই পুরো প্রক্রিয়াটাই ইসলামে নিষিদ্ধ। বিশেষ করে এর প্রথমধাপ—যাচাই-বাছাই না করে গুজব ছড়ানোর ব্যাপারে মহান আল্লাহ বলেন: “হে মুমিনগণ, কোনো পাপাচারী তোমাদের কাছে কোনো সংবাদ আনলে তা যাচাই করো—যাতে অজ্ঞতাবশত কোনো সম্প্রদায়কে ক্ষতি করে না বসো এবং পরে নিজেদের কাজের জন্য অনুতপ্ত না হও।” —সুরা আল-হুজুরাত, ৪৯:৬।

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন: “কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যা শুনে (সত্যতা যাচাই না করে) তাই প্রচার করে বেড়ায়।” —সহিহ মুসলিম, হাদিস নং ৫।

অন্যায়ভাবে কিংবা অবিচারিকভাবে মানুষ হত্যা এতো বড় পাপ যে, হাশরের মাঠে সর্বপ্রথম বিচার হবে অন্যায় রক্তপাত ও হত্যার। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত এক হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ইরশাদ করেছেন—“হাশরের মাঠে মানুষের মধ্যে সর্বপ্রথম যে মোকাদ্দমার ফয়সালা হবে, তা হলো রক্তপাত (হত্যা) সম্পর্কিত। —সহিহ মুসলিম, হাদিস নং ১৬৭৮।

এবার আসি ইসলামি ফিকহে

ইসলামের স্বতঃসিদ্ধ একটি আইনী মূলনীতি হলো, ‘লা হাদ্দা ইল্লা বিবাইয়িনাতিন আও ইকরার’ অর্থাৎ ‘সুনির্দিষ্ট প্রত্যক্ষ সাক্ষ্য-প্রমাণ অথবা অপরাধীর স্পষ্ট স্বীকারোক্তি ছাড়া কোনো দণ্ড বা শাস্তি কার্যকর করা যায় না।’

প্রত্যেক অপরাধীর বিচার পাবার অধিকার আছে। সমস্ত ফুকাহায়ে কেরাম একমত যে, সুষ্ঠু বিচারিক প্রক্রিয়া ব্যতীত কারও উপর অভিযোগের ভিত্তিতেই শাস্তি বাস্তবায়ন করা জায়েয নয়, বরং হারাম। ফকিহগণ এর কারণ বর্ণনা করতে গিয়ে বলেছেন যে, যদি বিচারের দায়িত্ব সাধারণ মানুষের ওপর ছেড়ে দেয়া হয় তাহলে তা সমাজে ব্যাপক সংঘাত ও বিপর্যয়ের জন্ম দেবে। আর ইসলামি শরিয়তের উদ্দেশ্যই হলো, বিপর্যয় প্রতিহত করা।

এমনকি বিচারিক প্রক্রিয়ায়ও চেষ্টা করতে হবে কীভাবে শাস্তি প্রয়োগ না করেই বাঁচিয়ে দেয়া যায়, যদি নূন্যতম কোনো সুযোগ থাকে। হাদিসে নবিজি (সা.) বলেছেন, “তোমরা যথাসম্ভব মুসলমানদের থেকে হুদুদ (দণ্ড) রহিত করো। যদি অভিযুক্তের বাঁচার কোনো (আইনি) পথ থাকে, তবে তাকে ছেড়ে দাও। কারণ বিচারকের ক্ষমা করার ক্ষেত্রে ভুল করা, শাস্তি দেওয়ার ক্ষেত্রে ভুল করার চেয়ে উত্তম।” —সুনানে তিরমিজি।

চার মাজহাবের ফিকহের গ্রহণযোগ্য কিতাব থেকে ফতোয়া তুলে ধরছি

ইমাম শাফেয়ি (রহ.) বলেন: “শাসক এবং শাসক যাকে ক্ষমতা অর্পণ করেছেন তাকে ছাড়া অন্য কেউ স্বাধীন ব্যক্তিদের ওপর দণ্ডবিধি কার্যকর করতে পারবেন না। কারণ, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর যুগে তার অনুমতি ছাড়া কোনো দণ্ডবিধি কার্যকর করা হয়নি, আর খলিফাদের যুগেও তাদের অনুমতি ছাড়া তা হয়নি। তাছাড়া, এটি আল্লাহর অধিকার, যা ইজতিহাদ বা গবেষণার মুখাপেক্ষী এবং এটি কার্যকর করতে গেলে অবিচারের আশঙ্কা থেকেই যায়। তাই শাসকের অনুমতি ছাড়া এটি কার্যকর করা বৈধ নয়।” —আল-উম্ম খ. ৬, পৃ. ১৫৪।

হানাফি মাজহাবের ইমাম আলাউদ্দিন আল-কাসানি বলেন: “দণ্ডবিধি কার্যকর করার বৈধতার শর্তাবলির মধ্যে কিছু শর্ত এমন যা সকল দণ্ডবিধির ক্ষেত্রে প্রযোজ্য, আর কিছু শর্ত নির্দিষ্ট দণ্ডবিধির জন্য নির্ধারিত। যে শর্তটি সকল দণ্ডবিধির ক্ষেত্রে প্রযোজ্য, তা হলো ইমামত বা নেতৃত্ব। অর্থাৎ, দণ্ডবিধি কার্যকরকারী ব্যক্তিকে অবশ্যই শাসক অথবা শাসক কর্তৃক নিযুক্ত ব্যক্তি হতে হবে।” —বাদায়েউস সানায়ে, খ. ৯, পৃ. ২০৪।

হানাফি মাজহাবের অন্যতম নির্ভরযোগ্য গ্রন্থ ফাতাওয়ায়ে হিন্দিয়্যাহতে উল্লেখ আছে: “এর (অর্থাৎ শাস্তি প্রয়োগের) রোকন বা মূল স্তম্ভ হলো শাসক বা তার প্রতিনিধির মাধ্যমে তা কার্যকর করা।” —ফাতাওয়ায়ে হিন্দিয়্যাহ, খ. ২, পৃ. ১৪৩।

ইবনে রুশদ আল-মালিকি এই ঐকমত্য (ইজমা) বর্ণনা করেছেন যে, হুদুদ কেবল শাসকই কার্যকর করবেন। যেমনটি ‘বিদায়াতুল মুজতাহিদ’ গ্রন্থে এসেছে: “আর যারা এই (মদ্যপানের) দণ্ডবিধি নির্দিষ্ট করেছেন, তারা একমত হয়েছেন যে, শাসকই তা কার্যকর করবেন। অন্যান্য সকল দণ্ডবিধির ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য।” —বিদায়াতুল মুজতাহিদ, খ. ২, পৃ. ৩৬৫।

ইমাম কুরতুবি আল-মালিকি বলেন: “এ ব্যাপারে কোনো দ্বিমত নেই যে, হ/ত্যার ক্ষেত্রে কিসাস (প্রতিশোধমূলক শাস্তি) কেবল শাসকগোষ্ঠীই কার্যকর করতে পারে। কিসাস, হুদুদ ও অন্যান্য বিধান কার্যকর করার উদ্যোগ নেওয়া তাদের ওপর ফরজ। কারণ, মহান আল্লাহ সকল মুমিনকে কিসাসের নির্দেশ দিয়েছেন, কিন্তু সকল মুমিনের পক্ষে কিসাস কার্যকর করার জন্য একত্রিত হওয়া সম্ভব নয়। তাই তারা কিসাস এবং অন্যান্য দণ্ডবিধি কার্যকর করার জন্য শাসককে তাদের নিজেদের স্থলাভিষিক্ত করেছে।” —আল-জামি লি-আহকামিল কুরআন, খ. ২, পৃ. ২৪৬।

তিনি আরও বলেন: “ইমামগণ একমত হয়েছেন যে, শাসকের হস্তক্ষেপ ছাড়া কোনো ব্যক্তির অধিকার আদায়ে অন্যের কাছ থেকে নিজে নিজে প্রতিশোধ নেওয়া বৈধ নয়। মানুষের জন্য একে অপরের কাছ থেকে নিজ হাতে প্রতিশোধ নেওয়া জায়েজ নয়; বরং এটি শাসকের দায়িত্ব অথবা শাসক যাকে এই কাজের জন্য নিযুক্ত করেছেন তার দায়িত্ব। আর এ জন্যই আল্লাহ তায়ালা শাসকের ব্যবস্থা করেছেন, যাতে তিনি মানুষের হাত একে অপরের ওপর হস্তক্ষেপ করা থেকে নিবৃত্ত রাখেন।” —আল-জামি লি-আহকামিল কুরআন, খ. ২, পৃ. ২৫৬।

ইবনে কুদামা আল-হাম্বলি (রহ.) বলেন: “শাসক বা তার প্রতিনিধি ছাড়া অন্য কারও জন্য দণ্ডবিধি কার্যকর করা বৈধ নয়। কারণ, এটি মহান আল্লাহর অধিকার এবং এটি গবেষণার মুখাপেক্ষী। তাছাড়া এটি কার্যকর করার ক্ষেত্রে অবিচারের আশঙ্কা থেকে মুক্ত থাকা যায় না। তাই এটি আল্লাহর সৃষ্টির মধ্যে তার প্রতিনিধির (শাসকের) কাছে সোপর্দ করা বাধ্যতামূলক। এর আরেকটি কারণ হলো, নবি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তার জীবদ্দশায় দণ্ডবিধি কার্যকর করতেন, আর তার পরে তার খলিফাগণ তা কার্যকর করেছেন (সাধারণ জনগণ নয়)।” —আল-কাফি, খ. ৩, পৃ. ২৩৪।

এখানে কুরআন, হাদিস, ইজমা ও ইসলামি ফিকহের গ্রহণযোগ্য চার মাজহাবের ফতোয়ার কিতাব থেকে স্পষ্ট হলো, এই যে তৌহিদি জনতার নামে ইসলামের দোহাই দিয়ে একের পর এক মব সৃষ্টি করে মানুষকে নৃশংসভাবে হ/ত্যা করা হচ্ছে, আসলে ইসলাম নিজেই তাদের এই সমস্ত কাজ সমর্থন করে না। এই ফতোয়াগুলো ওই সমস্ত মবস্টারদের মুখে ছুঁড়ে মারুন, যারা বিনাবিচারে মানুষকে নৃশংসভাবে পিটিয়ে হত্যাকে সমর্থন করে বা উস্কানি দেয়।

লেখক: আলেম