‘ফেসবুকে বাবা-মায়ের উপর শারীরিক আঘাতের প্রতিবাদ করেছিল বাগেরহাটের রামপাল উপজেলা ছাত্রলীগের কর্মী আহাদ আহমেদ ইতু। বাড়িতে ফিরেছিল অনেকদিন পর। সেই অপরাধে ডেকে নিয়ে তাকে হত্যা করেছে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীরা।’

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪৩ মিনিটে নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে এমন দাবি করেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। এমন দাবিতে আরও কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে।

তবে বেঙ্গল লেন্স যাচাই করে দেখেছে, রাজনৈতিক কারণে হত্যার দাবিটি সঠিক নয়।

প্রকৃতপক্ষে বাগেরহাটের রামপালে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচা ও চাচাতো ভাইদের হামলায় সাবেক ছাত্রলীগ নেতা আহাদ আহমেদ (২৪) নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর বাবা শেখ ফরিদুজ্জামান গুরুতর আহত হয়েছেন। ২১ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে রামপাল উপজেলার ইসলামাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার সকালে বিরোধপূর্ণ জমির সীমানা থেকে পানি নিষ্কাশনের চেষ্টা করলে চাচাতো ভাই বাকি বিল্লা ও মাসুমের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রতিপক্ষের হামলায় আহাদ আহমেদ ও তাঁর বাবা শেখ ফরিদুজ্জামান গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহাদ আহমেদকে মৃত ঘোষণা করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ দেখুন এখানে, এখানে, এখানে

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজিব আল রশিদ বেঙ্গল লেন্সকে বলেন, পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জেরে আহাদ আহমেদ তার বাবার চাচাতো ভাইয়ের হামলায় নিহত হয়েছেন। এটা কোনো রাজনৈতিক ঘটনা না। অভিযুক্তদের এখনো আটক করা সম্ভব হয়নি। তবে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।