“সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি বলেছেন, দখল নয়, সংস্কারের উদ্দেশ্যেই রাতে ভাঙা হয় রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র।”
গতকাল রাত থেকে বিভিন্ন জামায়াত ও এনসিপিপন্থী আইডি থেকে এমন বক্তব্য সংবলিত ফটোকার্ড ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। দেখুন এখানে এখানে এখানে এখানে।
এসব পোস্টে দাবি করা হচ্ছে, সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুরের ঘটনায় ঘটনাস্থলে গিয়ে সানজিদা ইসলাম তুলি এমন মন্তব্য করেছেন।
তবে বেঙ্গল লেন্সের যাচাইয়ে সানজিদা ইসলাম তুলির এমন কোনো বক্তব্যের প্রমাণ পাওয়া যায়নি। ওই দিন বিভিন্ন মূলধারার গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ও লাইভ সম্প্রচারে তাকে এমন কোনো বক্তব্য দিতে শোনা যায়নি।
ঘটনাস্থলে মূলধারার প্রচারমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তুলি বলেন, “আপনারা দেখেছেন আমাদের ভাইয়েরা কাজ শুরু করে দিয়েছে। এবং আমাদের নির্দেশনাই আছে, আগে যেগুলো ভেঙে পড়ে গেছে ওগুলো সরানো হয়। যেটুকু কনস্ট্রাকশন করার জন্য, শুরু করার জন্য... আস্তে আস্তে এভাবে যেন সংস্কার কাজে যায়।”
অর্থাৎ, প্রচারিত ফটোকার্ডে যে বক্তব্যটি তুলির নামে দেওয়া হয়েছে, সেটির সঙ্গে ঘটনাস্থলে গণমাধ্যমের কাছে দেওয়া তার বক্তব্যের মিল পাওয়া যায় না।
এ বিষয়ে সানজিদা ইসলাম তুলি তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলেন, “দখল নয়, সংস্কারের উদ্দেশ্যেই রাতে ভাঙা হয়েছে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র’-এমন কোনো বক্তব্য আমি দেইনি, এটি মিথ্যা, ভিত্তিহীন ও গুজব। সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুকে ‘দখল নয়, সংস্কারের উদ্দেশ্যেই রাতে ভাঙা হয়েছে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র’ এমন একটি বক্তব্য আমার নামে প্রচার করা হচ্ছে। আমার নামে প্রচারিত এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। আমি স্পষ্টভাবে জানাতে চাই, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙার ঘটনাকে সমর্থন করে কিংবা ঘটনাটিকে ‘সংস্কারের উদ্দেশ্যে’ সংঘটিত হয়েছে এমন কোনো বক্তব্য আমি কখনো দেইনি।”
প্রসঙ্গত, নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে মধ্যরাতে রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ ওঠে। মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সেখানে প্রবেশ করে প্রথমে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করেন। পরে মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, ভ্যাকসিন, নগদ টাকা ও অন্যান্য মালপত্র লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। এরপর ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি আধা পাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে এই ভাঙচুরের ঘটনা ঘটে বলে সংশ্লিষ্টরা জানান। ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের ব্যানারে এ ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এতে এক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার।