সামাজিক যোগাযোগমাধ্যমে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সদ্য নিয়োগপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের নামে একটি অশালীন অঙ্গভঙ্গির ছবি ছড়িয়ে পড়েছে। ছবিতে সাদা হুডি পরা এক ব্যক্তিকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে দাবি করা হচ্ছে। এমন আরও পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে।

বেঙ্গল লেন্সের যাচাইয়ে দেখা গেছে, ভাইরাল ছবির ওই ব্যক্তি চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম নন। তবে ওই ছবিটি অধ্যাপক শরীফুল আলম তার ফেসবুক আইডিতে পোস্ট করেছিলেন।

২০০৯ সালে তিনি তাঁর আইডিতে ইতালির ভেরোনায় অবস্থিত জুলিয়েটের বাড়ি (Casa di Giulietta)-এর প্রাঙ্গণে তোলা নিজের ছবিসহ আরও কয়েকজনের ছবি পোস্ট করেছিলেন। সেখানে জুলিয়েটের বিখ্যাত ব্রোঞ্জের মূর্তি রয়েছে, যেটিকে ঘিরে প্রেম ও সৌভাগ্য নিয়ে একটি জনপ্রিয় পর্যটন-ঐতিহ্য গড়ে উঠেছে। দর্শনার্থীরা সৌভাগ্যের আশায় মূর্তিটির ডান স্তনে হাত রাখেন, ফলে অতিরিক্ত স্পর্শে ওই অংশটি ঘষে চকচকে হয়ে গেছে। বর্তমানে সেখানে মূল মূর্তির পরিবর্তে সংরক্ষণের জন্য একটি কপি রাখা হয়েছে।

সাদা হুডি পরা যে ব্যক্তির ছবিকে চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের ছবি হিসেবে প্রচার করা হচ্ছে, সেই ছবিটিও ওই ফটো অ্যালবামে ছিল। তবে একই অ্যালবামের অন্য ছবিতে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে সানগ্লাস ও মাথায় হ্যাট পরিহিত অবস্থায় দেখা যায়। এছাড়া তিনি জুলিয়েটের বাহুতে ধরে ছবি তোলেন। অর্থাৎ, একই স্থান ও সময়ের ছবিতে থাকা সাদা হুডি পরা ব্যক্তি এবং উপাচার্য আলাদা ব্যক্তি।

সুতরাং, অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের নামে ছড়িয়ে পড়া অশালীন অঙ্গভঙ্গির ছবিটি তাঁর নয়।

উল্লেখ্য, চলতি বছর ২৭ জুলাই চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম। ২১ সেপ্টেম্বর (সোমবার) তাঁকে সরিয়ে কুয়েটের ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে নতুন নিয়োগের পর থেকেই পূর্বের উপাচার্যের নিয়োগ বহালের দাবিতে আন্দোলন করে যাচ্ছেন শিক্ষার্থীরা।