গত ১১ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর.সি মজুমদার অডিটোরিয়ামে প্রচ্ছদ প্রকাশন আয়োজিত "জুলাই-পূর্ব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল—বিচার, বিতর্ক ও বাস্তবতা" শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেছেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বাংলাদেশের মাটি থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার একটা বিচার ছিল। এবং জামায়াতে ইসলামীর সকল জনপ্রিয় নেতা—আপনি দেখেন না, যত নেতাদেরকে তারা ফাঁসি দিয়েছে, বিচারের আওতায় এনেছে, প্রত্যেকটি নেতা দুবার, তিনবার, পাঁচবার করে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন”।
বেঙ্গল লেন্স যাচাই করে দেখেছে, তাঁর এই দাবিটি সঠিক নয়। ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোট ১৩ জন শীর্ষ নেতাকে বিচারের আওতায় আনা হয়েছিল। যেই ৫ জন শীর্ষ জামায়াত নেতার ফাঁসি কার্যকর হয়েছে, তাঁদের মধ্যে কেবল মতিউর রহমান নিজামী ২ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়া বাকি ৪ জন কখনো সংসদ সদস্য নির্বাচিত হননি।
এছাড়া বিচারের আওতায় আনা বাকি ৮ জনের মধ্যে ৩ জন বিভিন্ন সময় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। একজন ২০২৬ সালের জাতীয় নির্বাচনে এমপি নির্বাচিত হন। বাকি ৪ জন কখনো সংসদ সদস্য নির্বাচিত হননি।
ফাঁসি কার্যকর হয় ৫ নেতার
মাওলানা মতিউর রহমান নিজামী পাবনা-১ আসন থেকে ১৯৯১ সাল এবং ২০০১ সালে মোট ২ বার সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং চারদলীয় জোট সরকারের আমলে কৃষি ও শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১৪ সালের ২৯ অক্টোবর তাঁর মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছিল। পরবর্তীতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চূড়ান্ত রায় ও রিভিউ আবেদন খারিজ হওয়ার পর ২০১৬ সালের ১১ মে প্রথম প্রহরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ কখনো সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হননি। তবে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল এবং চারদলীয় জোট সরকারের আমলে টেকনোক্র্যাট কোটায় সমাজকল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১৩ সালের ১৭ জুলাই তাঁর মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছিল। পরবর্তীতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চূড়ান্ত রায় ও রিভিউ আবেদন খারিজ হওয়ার পর ২০১৫ সালের ২২ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
আবদুল কাদের মোল্লা কখনো সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হননি। তবে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে ২০১৩ সালের ১৭ সেপ্টেম্বর আপিল বিভাগ তাঁর সাজা বৃদ্ধি করে মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন। রিভিউ আবেদন খারিজ হওয়ার পর ২০১৩ সালের ১২ ডিসেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
মুহাম্মদ কামারুজ্জামান কখনো সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হননি। তবে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১৩ সালের ৯ মে তাঁর মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছিল। পরবর্তীতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চূড়ান্ত রায় ও রিভিউ আবেদন খারিজ হওয়ার পর ২০১৫ সালের ১১ এপ্রিল ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
মীর কাসেম আলী কখনো সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হননি। তবে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১৪ সালের ২ নভেম্বর তাঁর মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছিল। পরবর্তীতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চূড়ান্ত রায় ও রিভিউ আবেদন খারিজ হওয়ার পর ২০১৬ সালের ৩ সেপ্টেম্বর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
বিচারের আওতায় আনা হয় আরও ৮ জামায়াত নেতাকে
মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী পিরোজপুর-১ আসন থেকে ১৯৯৬ সাল এবং ২০০১ সালে মোট ২ বার সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করেন। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে তাঁর মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর আপিল বিভাগ সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড প্রদান করেন। কারাবন্দী অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে ২০২৩ সালের ১৪ আগস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মাওলানা আবদুস সুবহান পাবনা-৫ আসন থেকে ১৯৯১ সাল এবং ২০০১ সালে মোট ২ বার সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছিলেন। এছাড়া ১৯৬২ ও ১৯৬৫ সালে প্রাদেশিক পরিষদের সদস্য এবং ১৯৭১ সালের উপ-নির্বাচনে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি তাঁর মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছিল। পরবর্তীতে আপিল বিভাগে মামলা বিচারাধীন থাকা অবস্থায় ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি বার্ধক্যজনিত অসুস্থতায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
অধ্যাপক গোলাম আযম কখনো সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হননি। তবে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং ১৯৭১ সালে পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামীর আমির হিসেবে দায়িত্ব পালন করেন। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১৩ সালের ১৫ জুলাই বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় তাঁকে ৯০ বছরের কারাদণ্ডের রায় দেওয়া হয়েছিল। পরবর্তীতে কারাবন্দী অবস্থায় স্ট্রোক ও কিডনিজনিত জটিলতায় ২০১৪ সালের ২৩ অক্টোবর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এটিএম আজহারুল ইসলাম রংপুর-২ আসন থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে মোট ১ বার সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন। এছাড়া তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর তাঁর মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছিল। পরবর্তীতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ২০২৫ সালের ২৭ মে আগের রায় বাতিল করে তাঁকে বেকসুর খালাস প্রদান করলে তিনি কারামুক্ত হন এবং বর্তমানে জীবিত আছেন।
আবু সালেহ মোহাম্মদ আবদুল আজিজ মিয়া গাইবান্ধা-১ আসন থেকে ২০০১ সালে মোট ১ বার সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছিলেন। এছাড়া তিনি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য এবং গাইবান্ধা জেলা শাখার আমির হিসেবে দায়িত্ব পালন করেন। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পলাতক থাকা অবস্থায় ২০১৭ সালের ২২ নভেম্বর তাঁর মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছিল। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক রয়েছেন এবং তাঁর মৃত্যুর কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
মাওলানা আবুল কালাম আজাদ কখনো সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হননি। তবে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক রুকন এবং পরিচিত ধর্মীয় বক্তা ছিলেন। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পলাতক থাকা অবস্থায় ২০১৩ সালের ২১ জানুয়ারি তাঁর মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছিল। দীর্ঘ সময় পলাতক থাকার পর ২০২৬ সালের ২১ জানুয়ারি তিনি ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন এবং বর্তমানে জীবিত ও কারাগারে আছেন।
চৌধুরী মঈনুদ্দীন কখনো সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হননি। তবে তিনি ১৯৭১ সালে জামায়াতে ইসলামীর তৎকালীন ছাত্রসংগঠন ইসলামী ছাত্রসংঘের কেন্দ্রীয় নেতা এবং আলবদর বাহিনীর শীর্ষ সংগঠক ছিলেন। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিদেশে পলাতক থাকা অবস্থায় ২০১৩ সালের ৩ নভেম্বর তাঁর মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছিল। তিনি বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন এবং জীবিত আছেন।
আশরাফুজ্জামান খান কখনো সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হননি। তবে তিনি ১৯৭১ সালে জামায়াতে ইসলামীর তৎকালীন ছাত্রসংগঠন ইসলামী ছাত্রসংঘের কেন্দ্রীয় নেতা এবং আলবদর বাহিনীর শীর্ষ সংগঠক ছিলেন। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিদেশে পলাতক থাকা অবস্থায় ২০১৩ সালের ৩ নভেম্বর তাঁর মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছিল। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং জীবিত আছেন।