সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রচার করে দাবি করা হচ্ছে, জামায়াতপন্থী ব্যারিস্টার শাহরিয়ার কবির ২০১৬ সালে আওয়ামী লীগপন্থী ব্যারিস্টারদের একটি বার্ষিক ভোজে অংশ নিয়েছিলেন।
নিষিদ্ধ আওয়ামী লীগপন্থী অ্যাক্টিভিস্ট অমি পিয়াল ছবিটি নিজের ফেসবুক আইডিতে প্রথম প্রকাশ করেন। ক্যাপশনে তিনি লেখেন, “২১ জানুয়ারি ২০১৬ সাল। স্থান হোটেল সোনারগাঁ, ঢাকা। আওয়ামী ব্যারিস্টারদের বাৎসরিক ভোজ চলছে। জামাতি শাহরিয়ার তখন আওয়ামী লীগ করতো”। অমি পিয়ালের এই পোস্ট শেয়ার করেন নেত্র নিউজের সাংবাদিক আকিব মোহাম্মদ শাতিল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, নিজেকে গবেষক ও সাংবাদিক পরিচয় দেওয়া মীর হুযাইফা আল মামদূহ।
পরে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী বিভিন্ন আইডি ও পেজ থেকেও ছবিটি প্রচার করা হয়। দেখুন এখানে এখানে এখানে
তবে বেঙ্গল লেন্সের যাচাইয়ে দেখা গেছে, ছবিটি আওয়ামী লীগপন্থী ব্যারিস্টারদের কোনো দলীয় ভোজের নয়।
২০১৬ সালের ২১ জানুয়ারি ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ ব্যারিস্টার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (BAB) আয়োজিত বার্ষিক নৈশভোজের ছবি এটি। ওই অনুষ্ঠানে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত একাধিক ব্যারিস্টারও উপস্থিত ছিলেন।
আমন্ত্রণবার্তায় কী আছে
বেঙ্গল লেন্সের হাতে আসা আমন্ত্রণবার্তায় দেখা যায়, ২০১৬ সালের ২১ জানুয়ারি প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ ব্যারিস্টার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বার্ষিক নৈশভোজের আয়োজন করা হয়েছিল। এতে সংগঠনটির নিবন্ধিত সদস্যদের নৈশভোজের টিকিট সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি নতুন সদস্যদের নিবন্ধনসংক্রান্ত তথ্যও উল্লেখ ছিল।
বাংলাদেশ ব্যারিস্টার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ একটি অলাভজনক পেশাগত সংগঠন। এটি আওয়ামী লীগপন্থী ব্যারিস্টারদের কোনো দলীয় সংগঠন নয়। ইংল্যান্ড ও ওয়েলসের বার থেকে অন্তর্ভুক্ত ব্যারিস্টারদের পেশাগত উন্নয়ন, তাঁদের প্রয়োজন পূরণে কাজ করা এবং একটি অভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করা সংগঠনটির অন্যতম উদ্দেশ্য।
একই অনুষ্ঠানে বিএনপিপন্থী ব্যারিস্টাররাও
অনুষ্ঠানের ছবি পর্যালোচনা করে দেখা যায়, সেখানে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ব্যারিস্টাররাও উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে রয়েছেন বর্তমান অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং জাতীয় সংসদের বর্তমান ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
যা বলছেন সংশ্লিষ্টরা
ছড়িয়ে পড়া সেলফিটি যিনি তুলেছেন, তাঁর নাম ব্যারিস্টার নূর উস সাদিক চৌধুরী। তিনি বেঙ্গল লেন্সকে বলেন, “এটি কোনো রাজনৈতিক অনুষ্ঠানের ছবি ছিল না। এটি বাংলাদেশ ব্যারিস্টার অ্যাসোসিয়েশনের বার্ষিক অনুষ্ঠানের ছবি। এখানে সব ব্যারিস্টার অংশগ্রহণ করেন।”
ছবিটির ব্যাপারে ব্যারিস্টার শাহরিয়ার কবির বেঙ্গল লেন্সকে বলেন, “ওই সংস্থার বার্ষিক নৈশভোজের অনুষ্ঠান ছিল এটি। আমি যতদূর মনে করতে পারি, ২০১৬ সালের দিকে ওই নৈশভোজে অংশ নিয়েছিলাম। অনুষ্ঠানে ব্যারিস্টার মওদুদ আহমদ, ফিদা কামাল, ব্যারিস্টার রফিকুল হক কিউসি, কামাল আলম, ব্যারিস্টার বদরুদ্দোজা এবং বর্তমানে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলও উপস্থিত ছিলেন। এটি ছিল ব্যারিস্টারদের একটি পেশাগত অনুষ্ঠান। আওয়ামী লীগ কখনো এ ধরনের অনুষ্ঠান আয়োজন করেছে বলে আমার জানা নেই। এ ধরনের নৈশভোজে স্বামী বা স্ত্রীকে সঙ্গে নিয়েও অংশ নেওয়া হয়। আমার জানা মতে, আওয়ামী লীগের কোনো অনুষ্ঠানে আমি এভাবে অংশ নিইনি। ছবিটি নিয়ে যে মিথ্যাচার করা হচ্ছে, সেখানে আমার পাশে যিনি বসে আছেন, তিনি আওয়ামী লীগ করেন কি না, তা আমি জানি না। এ বিষয়ে আমার সন্দেহ রয়েছে। তবে তিনি একজন আইনজীবী। বিষয়টি হলো, ওই আয়োজন আওয়ামী লীগের কোনো অনুষ্ঠান ছিল না। ঢাকার সোনারগাঁও হোটেলে বাংলাদেশ ব্যারিস্টার অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে আমরা অংশ নিয়েছিলাম।”