`শহীদ আব্দুল মালেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন বিভাগের শিক্ষার্থী ছিলেন। ১৯৬৯ সালের আগস্ট মাস ঢাবির টিএসসিতে আয়োজিত এক শিক্ষা সেমিনারে বক্তব্য দেয়া শেষে ফেরার পথে বিরোধীদের হামলায় তিনি গুরুতর আহত হন এবং পরবর্তীতে মৃত্যুবরণ করেন।'
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় তৎকালীন ছাত্রসংঘের নেতা আব্দুল মালেকের ছবির সঙ্গে এই লেখাটি দেখা যায়। এতে দাবি করা হয়েছে, ১৯৬৯ সালের আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত একটি শিক্ষা সেমিনারে বক্তব্য দেওয়ার পর ফেরার পথে বিরোধীদের হামলায় আহত হন মালেক এবং পরবর্তীতে মারা যান।
তবে বেঙ্গল লেন্সের যাচাইয়ে দেখা যায়, মালেকের ওপর হামলা ও পরবর্তী মৃত্যুর ঘটনা সত্য হলেও হামলার দিন তিনি ওই সেমিনারে বক্তব্য দিয়েছিলেন, এমন প্রমাণ পাওয়া যায়নি। বরং একাধিক ঐতিহাসিক বর্ণনা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, তাঁর বক্তব্য দেওয়ার ঘটনা ঘটেছিল হামলার কয়েক দিন আগে।
তৎকালীন দৈনিক আজাদের ১৩ আগস্টের প্রতিবেদনে ১২ আগস্ট অনুষ্ঠিত ডাকসুর সেমিনারের বিতর্ক অনুষ্ঠানে সংঘর্ষের বিস্তারিত বিবরণ পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, “সবার প্রথম বক্তা জনাব শামসুদ্দোহা নয়া শিক্ষানীতির বিস্তারিত ব্যাখ্যা দান করিতে থাকিলে একপর্যায়ে কিছুসংখ্যক ছাত্র একযোগে দাঁড়াইয়া পড়ে এবং বিভিন্ন ধ্বনি করিয়া বক্তার মতামতের প্রতিবাদ জানায়। এই সময় সভাপতি জনাব তোফায়েল আহমেদ সকলের প্রতি শান্তি বজায় রাখার আহ্বান জানান এবং প্রতিবাদ মুখর ছাত্রদেরও বক্তব্য পেশ করার সুযোগদানের প্রতিশ্রুতি দেন। কিন্তু গোলযোগ ক্রমেই বাড়িতে থাকে এবং এক পর্যায়ে কিছু সংখ্যক ছাত্র দৌড়াইয়ে মঞ্চে আহরণ করিয়া মঞ্চের চেয়ার-টেবিল তছনছ করিয়া দেয়।”
তৎকালীন ছাত্রসংঘের নেতা চৌধুরী মুঈনুদ্দীনের আত্মজীবনীমূলক বই ‘পৃথিবীর গোলাবের বুকে’ তে মালেকের বক্তব্য দেওয়ার ঘটনা ২ আগস্টের এক বিতর্ক অনুষ্ঠানের বলে উল্লেখ রয়েছে। বইতে তিনি লেখেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও আগস্টের দুই তারিখে এমন এক বিতর্ক সবার আয়োজন করা হলো বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক অ্যান্ড মিনিস্ট্রেশন (NIPA) ভবনে। ইসলামী ছাত্রসংঘের পক্ষ থেকে বিতর্কে অংশগ্রহণ করার জন্য ঢাকা শহর ইসলামী ছাত্রসংঘের সভাপতি আব্দুল মালেক এর নাম দেওয়া হলো।”
অর্থাৎ, মালেকের বক্তব্য দিয়েছে ২ আগস্টের NIPA-এর বিতর্ক অনুষ্ঠানে।
অন্যদিকে, মালেকের ওপর হামলার ঘটনা ঘটে ১২ আগস্ট। একই আত্মজীবনীতে হামলার দিনের ঘটনার বিস্তারিত বর্ণনা রয়েছে। সেখানে বলা হয়, “নিপার বিতর্কে ভরাডুবির পর তড়িঘড়ি ১২ আগস্ট তারিখে ডাকসুর পক্ষ থেকে শিক্ষানীতির ওপর আয়োজন করা হলো এক সেমিনারের। বক্তৃতা শুরু হলো মস্কোপন্থী ছাত্র ইউনিয়নের নেতা মুজাহিদুল ইসলাম সেলিমকে দিয়ে। সেলিম তার বক্তৃতায় ইসলামবিদ্বেষী অগণিত মন্তব্য করে যেতে লাগলো। একপর্যায়ে এসে ঘোষণা দিল ছাত্রসমাজ চৌদ্দশ বছরের এক পুরাতন পুঁথির (কোরআন) ওপর ভিত্তি করে কোন শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে দেবে না। আমাদের সিদ্ধান্ত অনুযায়ী আমি দাঁড়িয়ে সভাপতির দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলাম। বললাম, এই মন্তব্য আমাদের মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের প্রতি প্রচন্ড আঘাত, সুতরাং এখনই উইথড্র করতে হবে। সভাপতি তোফায়েল অবশ্য আমার কথায় কোন কর্ণপাত করলেন না। মুজাহিদের বক্তৃতা যথারীতি চলতে দেয়া হলো। আমি এবং আমার আরো কয়েকজন বন্ধু দাঁড়িয়ে বারবার আপত্তি জানাতে থাকলাম। এতেও কোন কাজ না হওয়ায় আমরা মঞ্চে উঠে মাইক বক্তার হাত থেকে ছিনিয়ে নিয়ে ঘোষণা দিলাম, এই জঘন্য মন্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত কোন বক্তৃতা চলবে না। প্রথমে অপ্রস্তুত হয়ে গেলেও ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের গুন্ডারা মূহুর্তের মধ্যে আমাদের উপর চড়াও হলো এবং একরকম মারপিট করে আমাদের মঞ্চ থেকে বিতাড়িত করার চেষ্টা করল।”
এরপর ওই বইয়ে হামলা-পাল্টা হামলার বর্ণনা রয়েছে, যা শেষ পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে আব্দুল মালেকের ওপর আঘাতের ঘটনায় গিয়ে শেষ হয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো, ১২ আগস্টের এই ঘটনার বর্ণনায় মালেক সেদিন বক্তব্য দিয়েছেন—এমন কোনো উল্লেখ নেই। বরং লেখক নিজেই উল্লেখ করেছেন যে ছাত্রসংঘের পক্ষ থেকে কাউকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। তিনি নিজে ডাকসুর তৎকালীন ভিপি তোফায়েল আহমেদের কাছে ছাত্রসংঘের পক্ষ থেকে কাউকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার অনুরোধ করেছিলেন এবং সেই অনুরোধ গ্রহণ করা হয়নি বলেও বইতে বর্ণনা করেছেন।
চৌধুরী মুঈনুদ্দীন পরবর্তীতে একটি পডকাস্টেও আব্দুল মালেক হত্যার স্মৃতিচারণ করেন। সেখানেও ১২ আগস্ট মালেকের বক্তব্য দেওয়ার কোনো বর্ণনা পাওয়া যায় না। তিনি বলেন, “পরে যখন মুজাহিদুল ইসলাম সেলিম পয়লা বক্তৃতা করতে শুরু করল, সে কোরআনের বিরুদ্ধে মন্তব্য করে। আমরা আপত্তি করলাম, সেখান থেকে গোলমাল শুরু হয়ে গেল। সে গোলমালে প্রথম দিকে তারা হল পাড়ায় পালাইছিল, পরে আমরা যখন বেরিয়ে আসলাম রেসকোর্সের মাঝামাঝি ঘেরাও করে তারা পিটায়। আব্দুল মালেক, আরেক ভাই গাজী ইদ্রিস—এদের দুজনকে মানে প্রায় মরার মতোই ফেলে রাখে আরকি। তারপরে হসপিটালে দেয়া হয়, ইদ্রিস বেঁচে গেছে, কিন্তু আব্দুল মালেক শহীদ হয়ে যায়।”
এছাড়া ছাত্রশিবিরের নিজস্ব প্রকাশনী ছাত্রসংবাদে প্রকাশিত “শহীদ আব্দুল মালেক বাংলাদেশের ইসলামী শিক্ষা আন্দোলনের মহানায়ক” শিরোনামের লেখাতেও ঘটনার বর্ণনা পাওয়া যায়। সেখানেও মালেকের বক্তব্য দেওয়ার ঘটনা ২ আগস্টের সঙ্গে যুক্ত করা হয়েছে। একইসঙ্গে ১২ আগস্টের ঘটনার বর্ণনায় বলা হয়েছে, “১২ আগস্ট ঢাবির ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) এক আলোচনা সভার আয়োজন করে। ছাত্রদের পক্ষ থেকে শহীদ আবদুুল মালেকসহ কয়েকজন ইসলামী শিক্ষার ওপর কথা বলতে চাইলে তাদের সুযোগ দেয়া থেকে বঞ্চিত করা হয়। সভার একপর্যায়ে জনৈক ছাত্র নেতা ইসলামী শিক্ষার প্রতি কটাক্ষ করে বক্তব্য রাখে। তখন উপস্থিত শ্রোতারা এর তীব্র বিরোধিতা করে ইসলামী শিক্ষার পক্ষে স্লোগান দেয়। আবদুল মালেক তার সঙ্গী-সাথীদের নিয়ে টিএসসির আলোচনা সভাস্থলেই তার প্রতিবাদ করেন। এই প্রতিবাদ সংঘর্ষে রূপ লাভ করে। সংঘর্ষ একপর্যায়ে থেমে যায়। কিন্তু দ্বিতীয় পর্যায়ে আবদুল মালেক ও তার কতিপয় সঙ্গীর ওপর টিএসসির মোড়ে সেকুলারপন্থীরা হামলা করে এবং রেসকোর্সে এনে তার মাথার নিচে ইট দিয়ে ওপরে ইট ও লোহার রড দিয়ে আঘাত করে মারাত্মকভাবে জখম করে এবং অর্ধমৃত অবস্থায় ফেলে চলে যায়। ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়ন যৌথভাবে এ পরিকল্পিত হামলার নেতৃত্ব দান করে। আবদুল মালেক ভাইকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।”
অর্থাৎ, একই ধারার সূত্রগুলোতে ১২ আগস্টের ঘটনাকে মালেকের ওপর হামলা ও গুরুতর আহত হওয়ার দিন হিসেবে উল্লেখ করা হলেও, সেদিন তিনি বক্তব্য দিয়েছিলেন, এমন তথ্য পাওয়া যায় না। বরং ছাত্রশিবিরের প্রকাশিত বর্ণনাতেও বলা হয়েছে, মালেকসহ কয়েকজন বক্তব্য দিতে চাইলেও তাদের সে সুযোগ দেওয়া হয়নি।
সবগুলো প্রেক্ষাপট একসঙ্গে বিশ্লেষণ করলে দেখা যায়, ডাকসুর সংগ্রহশালার ক্যাপশনের “বিরোধীদের হামলায় তিনি গুরুতর আহত হন এবং পরবর্তীতে মৃত্যুবরণ করেন” অংশটি ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কিন্তু “টিএসসিতে আয়োজিত এক শিক্ষা সেমিনারে বক্তব্য দেয়া শেষে ফেরার পথে”—এই অংশটি বিভ্রান্তিকর। প্রাপ্ত রেফারেন্সগুলো অনুযায়ী, মালেকের বক্তব্য দেওয়ার নথিভুক্ত ঘটনা ২ আগস্টের NIPA-এর বিতর্ক অনুষ্ঠানের সঙ্গে সম্পর্কিত; আর ১২ আগস্টের সেমিনারে তিনি বক্তব্য দেওয়ার সুযোগ পাননি। সেদিন তিনি সংঘর্ষের পর হামলার শিকার হয়ে গুরুতর আহত হন এবং ১৫ আগস্ট মারা যান।