চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সংসার ভাঙার দাবি করে ছড়ানো একটি ভুয়া ফটোকার্ড নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন প্রচার মাধ্যম ঢাকা পেপার্সের সাংবাদিক মহাথেরো মুহাম্মদ।
‘ইনফো বাংলা’ নামের একটি পেজের লোগোযুক্ত ওই ফটোকার্ডে ফারুকী ও তিশার সংসার ভাঙার দাবি করা হয়। ফটোকার্ডটি শেয়ার করে মহাথেরো মুহাম্মদ লেখেন, “এই বাংলা নারীদের উপর থেকে ভরসা হারানো যাবে না।”
তবে বেঙ্গল লেন্সের যাচাইয়ে দেখা যায়, ফটোকার্ডটি ভুয়া। ফারুকী ও তিশার সংসার ভেঙে যাওয়ার বিষয়ে কোনো নির্ভরযোগ্য মূলধারার সংবাদমাধ্যমে প্রতিবেদন পাওয়া যায়নি।
বিষয়টি নিয়ে বেঙ্গল লেন্সের পক্ষ থেকে ফারুকীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তাদের সংসার ভাঙার খবরকে গুজব বলে নিশ্চিত করেন। ফারুকী বলেন, “এগুলো অসভ্যদের ছড়ানো গুজব। এগুলো নিয়ে কী আর বলব।”
প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে দেখা যায়, ফটোকার্ডটি প্রথমে ‘ইনফো বাংলা’ নামের পেজ থেকে প্রচার করা হয়। পেজটি থেকে প্রায়ই গণহত্যাকারী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পক্ষে গুজব ও মিথ্যা তথ্য প্রচার করা হয়। সেই পেজের ফটোকার্ডই কোনো ধরনের যাচাই ছাড়াই নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন ঢাকা পেপার্সের সাংবাদিক মহাথেরো মুহাম্মদ।
এছাড়া বিবাহ বিচ্ছেদের গুজব নিয়ে লেখালেখি করতে দেখা যায় নিষিদ্ধ আওয়ামী এক্টিভিস্টদের। ডাক্তার আইজুদ্দিন নামের একজন তিশার ছবি পোস্ট করে লিখেন, “৪৮ বছর বয়সী একজন ডিভোর্সী বোনের মাসনা হিসেবে বিবাহ হচ্ছে, আলহামদুলিল্লাহ।”
অর্থাৎ, ফারুকী-তিশার সংসার ভেঙে যাওয়ার দাবিতে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।