যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীর পরিচয় পাওয়া গেছে। ছড়িয়ে পড়া ভিডিও, ঘটনাস্থলে তাঁদের একসঙ্গে তোলা একটি সেলফি এবং যুক্তরাষ্ট্র যুবলীগের এক কর্মীর ফেসবুক পোস্ট বিশ্লেষণ করে তাঁদের পরিচয় শনাক্ত করেছে বেঙ্গল লেন্স।
ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি অধ্যাপক ইউনূসকে উদ্দেশ্য করে গালাগাল করছেন। ঘটনায় কারা জড়িত ছিলেন, তা অনুসন্ধান করতে ছড়িয়ে পড়া ভিডিওগুলো যাচাই করে বেঙ্গল লেন্স। পাশাপাশি, ঘটনার সময় কয়েকজনের একসঙ্গে তোলা একটি সেলফি পাওয়া যায় হেনস্তায় জড়িত থাকা যুক্তরাষ্ট্র যুবলীগের কর্মী সাগর চৌধুরীর ফেসবুক অ্যাকাউন্টে। ছবিতে সাগরসহ আরও চারজনকে দেখা যায়। পোস্টে ছবিটির সঙ্গে তিনি লেখেন, ‘খেলা ফাইনাল’।
ছবিতে থাকা ব্যক্তিদের পরিচয় ও রাজনৈতিক পদ বিশ্লেষণ করে দেখা যায়, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, যুক্তরাষ্ট্র যুবলীগের সাধারণ সম্পাদক মিজান চৌধুরী, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সাখাওয়াত হোসেন চঞ্চল এবং জ্যাকসন হাইটস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তানভীর কায়সার।
হেনস্তার ভিডিওতে কালো কোট ও সানগ্লাস পরা ইমদাদ চৌধুরীকে অধ্যাপক ইউনূসকে উদ্দেশ্য করে গালাগাল করতে দেখা যায়। সাদা শার্ট পরা এবং হাতে মোবাইল ফোন থাকা মিজান চৌধুরীকে ইউনূসকে ‘টেররিস্ট’ বলতে শোনা যায়। অন্যদিকে, সাগর চৌধুরীকে এক পাশে দাঁড়িয়ে মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করতে দেখা যায়।
তানভীর কায়সার ও সাখাওয়াত হোসেন চঞ্চলকে ভিডিওতে না দেখা গেলেও তাদের গালির শব্দ শোনা যায়। তাছাড়া সাগর চৌধুরীর প্রকাশিত সেলফিতে তাঁদের উপস্থিতি দেখা যায়। পাশাপাশি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অনেক কর্মীকে হেনস্তার জন্য এই ৫ জনকে ধন্যবাদ দিতে দেখা গেছে। দেখুন এখানে এখানে এখানে