রবিবার (২৩ আগস্ট) সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সাভার মডেল থানায় দেওয়া এই স্মারকলিপিতে দেখা যায় হেফাজতে ইসলাম, বিএনপি, যুবদল, জামায়াতে ইসলামী, খেলাফত আন্দোলন ও জমিয়তে উলামায়ে ইসলামের স্থানীয় ১০ জন নেতা-কর্মী এতে স্বাক্ষর করেছেন।
স্মারকলিপিটিতে তাদের প্রধান অভিযোগ, ওরসে ধর্মীয় দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যহীন আলোচনা করা হয়, যা এলাকায় সামাজিক ও ধর্মীয় বিরোধ তৈরি করছে।
স্মারকলিপিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন— চাকুলিয়ার পীর সাহেব মাওলানা তৈয়বুর রহমান খান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হাক্কানী, হেফাজতে ইসলাম ঢাকা জেলা উত্তর শাখার আমির মাওলানা আলী আকবর কাসেমী, একই শাখার মহাসচিব মাওলানা আলী আজম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম কাসেমী, জমিয়তে উলামায়ে ইসলাম সাভার থানা শাখার সভাপতি মাওলানা আলী আশরাফ তৈয়ব, সাভার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মোহা. আবুল খায়ের বেপারী, সাভার থানা বিএনপির সিনিয়র সহসভাপতি সাইদুল ইবনে হাসিব সোহেল, জামায়াতে ইসলামীর কর্মী আমিনুল ইসলাম আমিন এবং সাভার থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মঞ্জু মোল্লা।
ঢাকা ট্রিবিউন তাদের এক প্রতিবেদনে এ বিষয়ে স্মারকলিপিতে স্বাক্ষরকারী বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক দলের নেতার মন্তব্য তুলে ধরেছে। ঢাকা ট্রিবিউনের প্রতিবেদন থেকে মন্তব্যগুলো এখানে হুবহু তুলে ধরা হলো–
বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হাক্কানী বলেন, “তার (জাবের আল জাহাঙ্গীর) সঙ্গে আমাদের ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। বরং পৃথিবীর কোনো মানুষের সঙ্গে ব্যক্তিগত শত্রুতার প্রশ্নই আসে না। কিন্তু ইসলামের নামে তিনি অপব্যাখ্যা করছেন এবং কোরআন-হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন। বিশেষ করে তার কথাবার্তায় যেসব বিষয় প্রকাশ পাচ্ছে, সেগুলোর সঙ্গে কোরআন ও হাদিসের মারাত্মক সংঘর্ষ রয়েছে।”
তিনি বলেন, “তিনি বিভিন্ন অপব্যাখ্যামূলক বক্তব্য দিয়ে বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করেছেন এবং এলাকায় ভুল বোঝাবুঝির জন্ম দিয়েছেন। এর মধ্যে গত বছর এ বিষয়কে কেন্দ্র করে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে। এখন আমরা তার কিছু কার্যকলাপ নিয়ে গত কয়েক দিন বৈঠক করেছি। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, যেহেতু দেশে আইন রয়েছে, তাই আইনের মাধ্যমেই সরকার হস্তক্ষেপ করে এসব কার্যক্রম বন্ধ করবে।”
মাওলানা ইউসুফ সাদিক হাক্কানী আরও বলেন, “ওরসের নামে তিনি যেসব ইসলামবিরোধী কার্যকলাপ করেন, সেগুলো নিয়েই আমাদের আপত্তি। একজন বিধর্মী বা অন্য ধর্মের অনুসারী তার ধর্ম পালন করবেন, এতে কোনো বাধা নেই। কিন্তু ইসলামের নামে এমন কোনো কাজ করা যাবে না, যার সঙ্গে কোরআন-হাদিসের কোনো মিল নেই।এগুলো বন্ধ করার জন্য আমরা সরকারের বিভিন্ন দপ্তরে গিয়েছি, আবেদন জানিয়েছি এবং কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, যেন এসব কার্যক্রম বন্ধ করা হয়।”
জানতে চাইলে হেফাজতে ইসলাম ঢাকা জেলা উত্তর শাখার মহাসচিব মাওলানা আলী আজম বলেন, “আসলে ওই এলাকা আমাদের কাছাকাছি। সেখানকার মুসল্লি ও আলেম-ওলামারা মাঝে মাঝে আমাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। তারা জানান, এর আগে সেখানে একটি ঝামেলা হয়েছিল এবং ওরসের সময় কখনো কখনো ‘নবীই আল্লাহ, আল্লাহই নবী’-এ ধরনের কোরআন-হাদিসবিরোধী কথা বলা হয়।”
তিনি বলেন, “এ কারণে এলাকার সাধারণ মানুষ, বিশেষ করে তৌহিদি জনতা ও আলেম-ওলামারা আমাদের সঙ্গে আলোচনা করেছেন। তারা বলেছেন, বিষয়টি যদি ইসলামের আকিদাবিরোধী হয়, তাহলে আমাদের সবারই এ বিষয়ে কথা বলা এবং দাবি জানানো উচিত। মূলত এ কারণেই আমরা বিষয়টি নিয়ে কথা বলছি।”
স্মারকলিপিতে স্বাক্ষরকারী আমিনুল ইসলাম আমিন নিজেকে জামায়াতে ইসলামীর কর্মী দাবি করে বলেন, “এলাকার গণ্যমান্য আলেম-ওলামা ও সাধারণ মানুষ বিষয়টি পর্যবেক্ষণ করছেন। তাদের অভিযোগ, চাকুলিয়ায় জাবের আল-জাহাঙ্গীর নামে এক পীর ফেসবুক ও ইউটিউবে ইসলামবিরোধী ও আপত্তিকর বক্তব্য এবং অপব্যাখ্যা দিচ্ছেন।”
জমিয়তে উলামায়ে ইসলাম সাভার থানা কমিটির সভাপতি মাওলানা আলী আশরাফ তৈয়ব বলেন, “ওরস বন্ধ করা আমাদের উদ্দেশ্য না। তার (জাবের আল-জাহাঙ্গীর) যত অনৈসলামিক কার্যকলাপ আছে, সেগুলো বন্ধ করাই আমাদের উদ্দেশ্য।”
সাভার থানা বিএনপির সিনিয়র সহসভাপতি সাইদুল ইবনে হাসিব সোহেল বলেন, “এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় থাকাই আমাদের মূল লক্ষ্য। এক পক্ষ সেখানে ওরস হোক চাচ্ছে, আরেক পক্ষ চাচ্ছে না। ভিন্নমত তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় যে অসন্তোষ তৈরি হয়েছে, তা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে।”
তিনি বলেন,“আমি একজন জনপ্রতিনিধি ও চাকুলিয়া গ্রামের বাসিন্দা হিসেবে এলাকায় শান্তি চাই। কোনো ধরনের অশান্তি, মারামারি, হানাহানি বা বিদ্বেষপূর্ণ বক্তব্য হোক, তা আমি চাই না। ইসলামিক দৃষ্টিকোণ থেকে এ বিষয়ে আমার বিশেষ জ্ঞান নেই। তবে এলাকায় কোনোভাবেই সংঘাত সৃষ্টি হোক, সেটি আমার কাম্য নয়।”
সাভার থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক (বর্তমান সেক্রেটারি প্রার্থী) মোহাম্মদ মঞ্জু মোল্লা বলেন, “আমরা ওরস বন্ধ করতে চাই না। ওখানে ইসলামবিদ্বেষী কথা হয়, আমরা সেটাই বন্ধ চাইছি। এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় আমরা তৌহিদি জনতার পক্ষে রয়েছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছি।”