ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো দৈনিক পত্রিকার সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা ও মধ্যাহ্নভোজের আয়োজন করেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

এই মতবিনিময় সভায় সংবাদপত্র সম্পাদকদের সংগঠন ন্যাশনাল এডিটরস কাউন্সিল ও সম্পাদক পরিষদের নেতাদের পাশাপাশি দাওয়াত দেওয়া হয় সংবাদপত্রের জ্যেষ্ঠ সম্পাদকদের। সভায় অধিকাংশ পত্রিকার সম্পাদকদের উপস্থিতি দেখা গেলেও সেখানে আসেনি নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির, যমুনা গ্রুপের নিয়ন্ত্রণাধীন পত্রিকা যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই শিকদার ও বসুন্ধরা গ্রুপের নিয়ন্ত্রণাধীন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পত্রিকা দৈনিক কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন এবং ইংরেজি দৈনিক ডেইলি সানের সম্পাদক বা তাদের কোনো প্রতিনিধি।

সোমবার দুপুর ১২টায় বিরোধী দলীয় নেতার ২৯ মিন্টো রোডের সরকারি বাসভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় সমস্যা, জনদুর্ভোগ, জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের গণরায় বাস্তবায়ন, সংসদে বিরোধী দলের ভূমিকা এবং ভূরাজনৈতিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে এ মতবিনিময় হয়।

গত ১৭ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন সংবাদপত্র সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের নেতারা। যেখানে উপস্থিত থাকা সম্পাদকদের একটি অংশ বিরোধী দলীয় নেতার এই আমন্ত্রণে সাড়া দেননি।

65

সে সময় তারেক রহমানের সঙ্গে বৈঠকে সম্পাদক পরিষদের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি ও দৈনিক নিউ এজের সম্পাদক নূরুল কবীর, পরিষদের সাধারণ সম্পাদক ও বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীন।

গত ১৭ মে তারেক রহমানের সঙ্গে বৈঠকে থাকা সম্পাদকদের মধ্যে বিরোধী দলীয় নেতার দাওয়াতে যারা আসেননি, তাদের মধ্যে রয়েছেন—দৈনিক নিউ এজের সম্পাদক নূরুল কবীর, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ।

মতবিনিময় সভায় সম্পাদকদের অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে বিরোধী দলীয় নেতার এই অনুষ্ঠানের দায়িত্বে থাকা জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণ ও উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক ও একাধিক সহকারি সম্পাদক বেঙ্গল লেন্সকে বলেন, সব সম্পাদকদের দাওয়াত পৌঁছানো হয়েছিল। যুগান্তর পত্রিকার সম্পাদকের সঙ্গে কথা হয়েছে, তার ঢাকার বাইরে পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় তিনি আজ আসতে পারেননি। তবে নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির, দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদক শামিমা এ খান, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ কেন আসেননি, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন ও ডেইলি সান পত্রিকার সম্পাদকদের উপস্থিতির বিষয়ে তিনি বলেন, বসুন্ধরার সবগুলো মিডিয়াতেই আমরা স্বশরীরে গিয়ে দাওয়াত পৌঁছিয়ে দিয়েছিলাম। তারা আসবে বলেছিলেন, কিন্তু অনুষ্ঠান শুরুর আগে তারা জানান, তাদের অফিসে জরুরি সভা আছে, তাই তারা অংশগ্রহণ করতে পারবেন না।

বিরোধী দলীয় নেতার সভায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমান উপস্থিত না হলেও পত্রিকাটির নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফকে পাঠানো হয়েছে বলে জানা যায়।

54

মতবিনিময় সভায় অংশগ্রহণকারী সম্পাদকদের মধ্যে ছিলেন—দৈনিক আমার দেশের সম্পাদক ড. মাহমুদুর রহমান, দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, দৈনিক যায়যায়দিনের সম্পাদক শফিক রেহমান, দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দৈনিক প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ, দৈনিক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, দৈনিক নয়া দিগন্তের সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম, দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খান, দৈনিক মানবকণ্ঠের সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম, ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল, দৈনিক কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা, দৈনিক এদিনের সম্পাদক মো. সাইদুল ইসলাম সাজু, দৈনিক খবরের কাগজের সম্পাদক মোস্তফা কামাল, দৈনিক ভোরের ডাকের সম্পাদক কে এম বেলায়েত হোসেন, আজকের পত্রিকার সম্পাদক কামরুল হাসান, দৈনিক দেশ রূপান্তরের নির্বাহী সম্পাদক সাহিদুল ইসলাম চৌধুরী, বাণিজ্য প্রতিদিনের সম্পাদক গিয়াস উদ্দিন, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, দৈনিক জনতার সম্পাদক ওবায়দুর রহমান শাহীন, আগামীর সময়ের সম্পাদক মোস্তফা মামুন, খোলা কাগজের সম্পাদক আহসান হাবীব, দ্য নিউ নেশনের সম্পাদক মো. মোকাররম হোসেন, গ্রিন ওয়াচের সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, দ্য ইভিনিং নিউজের সম্পাদক এ বি এম সেলিম আহমেদ, ডেইলি সানের উপসম্পাদক আল আমিন, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান, দৈনিক সংগ্রামের বার্তা সম্পাদক শামসুল আরেফীন এবং সাপ্তাহিক সোনার বাংলার বার্তা সম্পাদক ফেরদৌস আহমদ ভূঁইয়া।