নন-পলাতক আওয়ামী লীগের কমিটি করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের আইনজীবী অ্যাডভোকেট কামাল উদ্দিন৷ ‘সম্মানিত গাইস' দিয়ে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের বিষয়ে নানা ধরণের ভিডিও-পোস্ট শেয়ার করে আলোচনায় আছেন তিনি৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘নন পলাতক আওয়ামী লীগ' টার্মকেও পরিচিত করেন তিনি৷ বিভিন্ন সময় আওয়ামী লীগের পলাতক নেতাদের নিয়ে ‘গালিগালাজ’ সহ ভিডিও বার্তা ছাড়েন কামাল৷
সম্প্রতি তিনি নিজেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নন পলাতক আওয়ামী লীগের সভাপতি হিসেবে ঘোষণা করেছেন৷ ঘোষণা করার পাশাপাশি এ-আই দিয়ে ছবি বানিয়ে কেন্দ্রীয় কমিটির অফিস ও নিজের অফিসের ছবিও তিনি শেয়ার করেছেন৷ পাশাপাশি নিজের ফেসবুক অ্যাকাউন্টেও বিভিন্ন জনের নাম ও ছবি দিয়ে নন পলাতক আওয়ামী লীগের বিভিন্ন পদের নেতা হিসেবে ঘোষণাও দিয়েছেন তিনি৷
লুকিয়ে লুকিয়ে আর কতদিন? কামাল ভাইয়ের সাথে যোগ দিন শিরোনামে আজ ৯ অক্টোবর সন্ধ্যায় পোস্টারও শেয়ার করেছেন অ্যাডভোকেট কামাল৷
বেঙ্গল লেন্সের পক্ষ থেকে নন পলাতক আওয়ামী লীগের কমিটির বিষয়ে অ্যাডভোকেট কামাল উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হয়৷ কমিটির বিষয়ে কেমন সাড়া পাচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, ‘ইনশাল্লাহ, খুব সাড়া পাচ্ছি আমাকে চৌষট্টি জেলা থেকে ফোন করতেছে, বিভিন্নজন বলতেছে লিডার আমরা আপনার নেতৃত্বে এই নন পলাতক আওয়ামী লীগের কমিটিকে শক্তিশালী করতে চাই। কারণ, সবাই কিন্তু পলাতক।’ তিনি আরও বলেব, ‘আমরা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি,আওয়ামী লীগকে তো এভাবে ঘুমন্ত অবস্থায় রাখা যাবে না। এখন তো দুইটা আওয়ামী লীগ, একটা পলাতক আরেকটা নন পলাতক। পলাতক যারা তারা তো ঘুমন্ত অবস্থায়, সবাই এভাবে যদি ঘুমাই, ঘুমন্ত অবস্থায় রেখে দিলে একটা সময় আওয়ামী লীগ শেষ হয়ে যাবে।’
‘আমরা আওয়ামী লীগকে ধরে রাখার জন্য, বঙ্গবন্ধুর আদর্শকে ধরে রাখার জন্য, আমরা যারা এখানে পালাই নাই, আমরা চাচ্ছি নন পলাতক নাম দিয়ে দল পরিচালনা করতে চাচ্ছি। বেশ সাড়া পাচ্ছি, আপনাদের যদি ভালোবাসা পাই আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব।’
নন পলাতক আওয়ামী লীগের কমিটি ঘোষণা দেওয়ার পর থেকে কোনো ধরণের হুমকি পাচ্ছেন কিনা—জানতে চইলে কামাল বলেন, ‘এই যাবত যত থ্রেট (হুমকি) পেয়েছি সব পলাতক আওয়ামী লীগের কাছ থেকে, বিভিন্ন দেশ থেকে যারা বিদেশে পালিয়ে গেছে উনারা প্রতিনিয়ত থ্রেট দিচ্ছে। মেরে ফেলবে, আমাকে কেটে ফেলবে; এরকম বলতেছে৷ যারা নন পলাতক দেশে আছে, উনারা বাহাবা দিচ্ছে।’ বিএনপি- জামাতের পক্ষ থেকে কোনো বার্তা দেওয়া হয়েছে কিনা— জানতে চাইলে অ্যাডভোকেট কামাল উদ্দিন বলেন, ‘ জামায়াত-বিএনপির কাছ থেকে কোন প্রকার থ্রেট দেওয়া হচ্ছে না৷ যারা পলাতক আওয়ামী লীগ তারা থ্রেট দিচ্ছে। আওয়ামী লীগের যারা দেশের বাইরে তারা আর আসবে না৷ আমি মনে করি অ্যাটলিস্ট টেন ইয়ার্স (প্রায় দশ বছর) সময় লাগবে। বর্তমানে দেশ যেভাবে পরিচালনা করা হচ্ছে সেভাবে করা হলে, জামায়াত বাড়াবাড়ি না করে তাহলে আওয়ামী লীগ ফিরতে আরও দশ বছর লাগবে। আর জামায়াত যদি বাড়াবাড়ি করে তাহলে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে খেলায় আনতে পারে। আওয়ামী লীগ নির্বাচন করতে পারলে, রাজনীতি করতে পারলে তখন বিরোধী দল হবে; পরে ক্ষমতায় যাবে।’ ‘আওয়ামী লীগে ধরে রাখার জন্য পদক্ষেপ নিয়েছি, আস্তে আস্তে মিটিং-মিছিল ও কর্মসূচি দেওয়া হবে’- বলেও মন্তব্য করেন তিনি৷
তিনি আরও বলেন, ‘পালায়া গেলে তো হবে না৷ দেশে আসতে হবে৷ জেল খাঁটতে হবে। আমিও জেল খাঁটতে পারি যেকোনো সময়, মরেও যেতে পারি৷ কিন্তু কাউকে না কাউকে তো হাল ধরতে হবে। কিন্তু পলাতক আওয়ামী লীগের কাছে সেই ফিলিংসটা (অনুভূতি) দেখতেছি না৷ আওয়ামী লীগের ৩০০ এমপি ছিল, কেন্দ্রীয় কমিটি ছিল, তারা সবাই পলাতক৷ শেখ পরিবারও পলাতক।
কেউ তো হাল ধরার জন্য দেশে আসতেছে না,
হাল ধরার জন্য যদি না আসে তাহলে তো ঘুমন্ত অবস্থায় রয়ে যাবে। আমরা যারা পালাই নাই তাদের নিয়ে নন পলাতক আওয়ামী লীগের কমিটি করব৷’
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আপনাদের চিন্তা আওয়ামী লীগের মতন নাকি আলাদা জানতে চাইলে কামাল বলেন, ‘আওয়ামী লীগ সরকারের পলিটিক্যালি ভুল ছিল৷ জামায়াতকে নিষিদ্ধ করেছিল, বিএনপিকে চাপে রেখেছিল৷ জুলাই গণঅভ্যুত্থান অনেক বড় ঘটনা, আওয়ামী লীগের নেতৃত্ব সেটা বুঝতে পারে নাই৷ নেত্রীর আশেপাশে যারা ছিল তারাও বুঝতে পারে নাই। প্রথমে কোটা আন্দোলন নিয়ে শুরু হয়, তখন যদি কোটার বিষয় মেনে নিত তাহলে হইত কিন্তু মানে নাই৷ আমি মনে করি, এটা কর্মীদের অভিশাপ। কর্মীদের নানাভাবে বঞ্চিত করা হয়েছে৷ ১৭ বছর ক্ষমতায় ছিল, গভমেন্ট (সরকার) চেঞ্জ হওয়া লাগবে, আল্লাহ পাকের হুকুমে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের পতন হয়েছে বলে আমি মনে করি৷’
কে এই অ্যাডভোকেট কামাল?
২০২২ সালে চট্টগ্রাম জুড়ে সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৫ লাখ টাকার একটা ব্যাংক চেক শেয়ার করে আলোচনায় আসে কামাল উদ্দিন৷ কামাল সেসময় চট্টগ্রাম আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) ও দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সহ-আইন বিষয়ক সম্পাদক ছিলেন৷ সেসময় ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনে তিনি সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক পেতে এই চেকের মাধ্যমে ১৫ লাখ টাকা লেনদেন করার অভিযোগ করেছেন। সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হুসেইন কবির চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের মুমোসলেম উদ্দিন আহমেদের নামে এ টাকা নেন বলে অভিযোগ করেছিলেন৷ কামাল উদ্দিনকে দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সহ-আইন বিষয়ক সম্পাদক থেকে বহিষ্কার করা হয়।
জুলাই গণঅভ্যুত্থানের পরে আওয়ামী লীগের পলাতক নেতাদের নিয়ে ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত ভিডিও বার্তা দিয়ে আলোচনায় আছেন অ্যাডভোকেট কামাল উদ্দিন। বর্তমানে তিনি নিজেকে নন পলাতক আওয়ামী লীগের সভাপতি হিসেবে ঘোষণা করেছেন৷