বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে ২০০৪ সালে পুলিশের মধ্যে বিশেষ বাহিনী হিসেবে যাত্রা শুরু করেছিল র্যাব। ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক (লিংক রোড) থেকে অপহরণের শিকার হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালীন কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজন। তিনদিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে তাদের মরদেহ।
হত্যাকাণ্ডের শিকার অন্যরা হলেন— নজরুলের সহযোগী তাজুল ইসলাম, সিরাজুল ইসলাম লিটন, মনিরুজ্জামান স্বপন, স্বপনের গাড়িচালক জাহাঙ্গীর আলম ও আইনজীবী চন্দনের গাড়িচালক ইব্রাহিম।
সাত খুনে র্যাবের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর ২০১৪ সালের ১১ মে রাজধানীর শাহীনবাগে র্যাব পরিচয়ে কয়েক মাস আগে ধরে নেয়া নিখোঁজ ঢাকার ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সুমনের বাড়িতে যান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সেখানে সাংবাদিকদের কাছে দেয়া বক্তব্যে বেগম জিয়া বলেন, ‘র্যাব কিভাবে কাজ করে তা খতিয়ে দেখা উচিত। প্রয়োজনে একে বিলুপ্ত করে পুলিশের মধ্য থেকে এলিট বাহিনী গঠন করতে হবে। বিএনপি শাসন ক্ষমতায় থাকা অবস্থায় দেশে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে র্যাব গঠন করা হয়েছিল। এরা এখন গুম, খুন ও অপহরণের সঙ্গে জড়িয়ে পড়েছে। মানুষ খুনের জন্য র্যাবের আর প্রয়োজন নেই। তাই এদেরকে বিলুপ্তির দাবি জানাচ্ছি।’
একই দাবি ২০১৪ সালের ১৩ মে নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের সাথে দেখা করতে গিয়েও জানান খালেদা জিয়া। ‘র্যাব বিলুপ্তির দাবি জানালেন খালেদা জিয়া’ শিরোনামে বিবিসি বাংলার সংবাদটি পড়ুন এখানে
সাত খুনের ঘটনায় হওয়া মামলায় ২০১৭ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত সাবেক কাউন্সিলর নূর হোসেন ও র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৬ আসামিকে মৃত্যুদণ্ড দেন। পরে ওই রায়ের বিরুদ্ধে আসামিরা উচ্চ আদালতে যান।
২০১৮ সালের আগস্টে উচ্চ আদালত ১৫ আসামির মৃত্যুদণ্ড বহাল রেখে বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। এরপর আপিল করা হয়। কিন্তু গত সাত বছর ধরেই মামলাটি শুনানির অপেক্ষায় আছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আবুল কালাম আজাদ। ২০২৫ সালের ২৭ এপ্রিল দ্য ডেইলি স্টারের করা ‘সাত খুন: ১১ বছর ধরে অপেক্ষা, শাস্তি নিয়ে সন্দিহান নিহতদের পরিবার’ প্রতিবেদনটি দেখুন এখানে।
এছাড়া ২০১০ সালের মে মাসে র্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের তৎকালীন প্রধান জিয়াউল আহসানের উপস্থিতি ও নির্দেশে বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী ৪ জনকে গুলি করে হত্যা করা হয়। পরে তাদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে বলেশ্বর নদীতে ফেলে দেন র্যাব ৮-এর ইন্টেলিজেন্স উইংয়ের সদস্যরা। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গুমের মামলায় সাক্ষ্য প্রদানকালে এসব তথ্য জানান মেজর সাব্বির। একই কায়দায় ২০১০ সালে আরেক ব্যক্তিকেও মেরে নদীতে ফেলা হয় বলে সাক্ষ্য দেন সাবেক এই সেনা কর্মকর্তা। এ সংক্রান্ত সংবাদ দেখুন এখানে
২০২১ সালের ১০ ডিসেম্বর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র র্যাব এবং বাহিনীর সাতজন বর্তমান ও সাবেক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
জুলাই গণঅভ্যুত্থানের পর র্যাব বিলুপ্ত ও পুনর্গঠনের দাবি আরও জোরালো হয়ে ওঠে। ২০২৪ সালের ১০ ডিসেম্বর রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ পুলিশ প্রশাসন সংস্কার কমিটি ও এই বাহিনী বিলুপ্ত করার সুপারিশ করেছিলেন। সুপারিশে বিএনপি উল্লেখ করেছে, ‘পুলিশের সাংগঠনিক কাঠামোতে থাকা র্যাব ইতোমধ্যে দেশে এবং বিদেশে ব্যাপকভাবে নিন্দিত ও সমালোচিত হয়েছে। দেশি-বিদেশি মানবাধিকার সংগঠন, জাতিসংঘ, অধিকাংশ রাজনৈতিক দল এবং সুধীজন র্যাবকে দেশে সংঘটিত অধিকাংশ গুম, খুন, নির্যাতন ও নিপীড়নের জন্য দায়ী করেছে। বাহিনীটি বর্তমানে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় আছে। এই প্রেক্ষাপটে র্যাবকে বিলুপ্ত করার সুপারিশ করা হলো। র্যাবের দায়িত্ব আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং থানা পুলিশ যেন পালন করতে পারে, সেই লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’

এ সংক্রান্ত আরও সংবাদ দেখুন এখানে, এখানে, এখানে।
এমন নানান অপকর্মে জড়িয়ে আছে র্যাবের নাম। দীর্ঘদিন ধরে র্যাব বিলুপ্তির জন্য জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংগঠনও দাবি জানিয়ে আসছিল। তবে এর মধ্যেই সরকার বাহিনীটি বিলুপ্তির পরিবর্তে এর নাম বদলের সিদ্ধান্ত নিল। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) পরিবর্তে এখন থেকে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে যাত্রা শুরু করেছে বাহিনীটি।
১৬ সেপ্টেম্বর থেকে নতুন নামে যাত্রা শুরু করার কথা জানিয়ে বাহিনী প্রধান আহসান হাবীব পলাশ বলেন, ‘এসআরবি নামে গেজেট হয়েছে। আমরা র্যাবের নাম পরিবর্তন করে এসআরবি নাম দিয়ে সকল কাজ আজ থেকে শুরু করেছি।’ দেখুন এখানে
তবে বাহিনীটির নাম পরিবর্তনের এই কাজ শুরু হয় অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে। ৩ ফেব্রুয়ারি ২০২৬, ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নাম পরিবর্তন করে 'স্পেশাল ইন্টারভেনশন ফোর্স' (এসআইএফ) করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, 'র্যাবের নাম পরিবর্তনের বিষয়টি প্রধান উপদেষ্টা অনুমোদন করেছেন। শিগগিরই এ বিষয়ে সরকারি আদেশ জারি করা হবে। বাহিনীটির পোশাকেও পরিবর্তন আসবে। আপনারা এসআইএফ সদস্যদের নতুন পোশাকে দেখতে পাবেন।'
তবে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ হওয়ায় শেষপর্যন্ত র্যাবের বিষয়ে হওয়া সিদ্ধান্ত কার্যকর করা হয়নি ইউনূস সরকারের। প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমানের সরকার বাহিনীটির বিষয়ে যে সিদ্ধান্ত নিলো, এতে একটি বিষয় স্পষ্ট যে, খালেদা জিয়ার চাওয়া তথা র্যাব বিলুপ্তির দাবিটি ছেলে তারেক রহমান ক্ষমতায় এসেও পূরণ করলেন না।