‘আওয়ামী লীগের অনলাইন টকশো থেকে মেইনস্ট্রিম মিডিয়ায়: কে এই নাহিদ আক্তার?’ শিরোনামে ২০ অক্টোবর বেঙ্গল লেন্সে প্রতিবেদন প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা।

এদিকে বুধবার (২১ অক্টোবর) নাহিদ আক্তার এমন ২টি পোস্ট এডিট করেছেন, যেগুলো বেঙ্গল লেন্সের প্রতিবেদনে যুক্ত করা হয়েছিল। এর মধ্যে গত ১৫ আগস্ট দেওয়া একটি পোস্ট নাহিদ আক্তার এডিট করে লিখেছেন, “ধানমন্ডি ৩২ এর সামনে জ/ঙ্গি মব, পুলিশ বাহিনীর ফুল দিতে না দেয়া ইউনুস সরকারেরই এক্সটেনশন।”

পোস্টটি আগে ছিলো এমন- “ধানমন্ডি ৩২ এর সামনে জুলাই জ/ঙ্গি মব, পুলিশ বাহিনীর ফুল দিতে না দেয়া ইউনুস সরকারেরই এক্সটেনশন। বিএনপি জামাত আগেও এক ছিলো এখনো একই।”

এডিটেড পোস্টে বাদ দেওয়া হয়েছে “জুলাই” এবং “বিএনপি জামাত আগেও এক ছিলো এখনো একই” এই বাক্যটি।

এছাড়া গত ১০ অক্টোবরের একটি পোস্টও এডিট করেছেন নাহিদ আক্তার। আগের পোস্টে লেখা ছিলো “২৪ এর লালবদর বাংলাদেশ বিরোধী সেলফ প্রোকলেইমড বুদ্ধিজীবীদের পাকীকরণের বয়ান বাংলাদেশের স্বাধীনতা এবং সংস্কৃতি ধ্বংসের জন্য দায়ী।”

২১ অক্টোবর পোস্ট এডিট করে লিখেছেন, “বাংলাদেশ বিরোধী সেলফ প্রোকলেইমড বুদ্ধিজীবীদের পাকীকরণের বয়ান বাংলাদেশের স্বাধীনতা এবং সংস্কৃতি ধ্বংসের প্রধান কারণ।” অর্থাৎ, এডিট করা পোস্টে বাদ দেওয়া হয়েছে “২৪ এর লালবদর” শব্দটি।

নাহিদ আক্তারের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট এবং টকশোতে দেওয়া মন্তব্য পর্যালোচনা করলে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া আন্দোলনকারী এবং অন্তর্বর্তী সরকারের প্রতি তাঁর তীব্র বিদ্বেষমূলক অবস্থান স্পষ্ট হয়ে ওঠে। তিনি এই আন্দোলনকে ‘জুলাই মব’, ‘উগ্র ডানপন্থী উত্থান’, ‘জাতীয় ট্র্যাজেডি’, ‘আমেরিকার মেটিকুলাস ডিজাইন’ এবং ‘বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র’ ‘মূর্খদের আন্দোলন’ হিসেবে অভিহিত করেছেন। একই সাথে তিনি আন্দোলনে অংশগ্রহণকারী, সমর্থক ও সমন্বয়কদের ‘লালবদর বাহিনী’, ‘নব্য রাজাকার’, ‘জুলাই জঙ্গি’ বলেও সম্বোধন করেছেন বিভিন্ন পোস্টে।

সাংবাদিক মাসুদ কামালের ইউটিউব চ্যানেলের টকশোতে নাহিদ আক্তার চব্বিশ পরবর্তী সরকারকে ‘মব সরকার’ এবং ওসমান হাদীকে ‘জঙ্গি’ হিসেবে আখ্যায়িত করেন। অপর টকশোতে জুলাই শহীদদের প্রসঙ্গে নাহিদ বলেন, ‘জুলাই শহীদদের’ অনেকে পরবর্তীতে জীবিত অবস্থায় ফিরে এসেছেন; তাই বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্তের প্রয়োজন রয়েছে এবং নিশ্চিত না হয়ে আওয়ামী লীগ এখনই ক্ষমা চাইবে না বলে মনে করেন তিনি। এ প্রসঙ্গে ২০ অক্টোবর প্রকাশিত বেঙ্গল লেন্সের প্রতিবেদনটি দেখুন এখানে।

নাহিদ আক্তারকে নিয়ে করা বেঙ্গল লেন্সের প্রতিবেদনটি নিজের ফেসবুকে শেয়ার দিয়ে এনসিপির ঢাকা উত্তর জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক দিলশানা পারুল লিখেছেন, “নাহিদ তখন কোনো ইংল্যান্ড পড়ুয়া নারী না। মফস্বলের একটা মেয়ে ঢাকায় নারীবাদী পরিবেশের মধ্যে ফিট ইন হওয়ার চেষ্টা করছে। কিন্তু ঢাকাই নারীবাদ বরাবরই আওয়ামী নারীবাদীদের নিয়ন্ত্রণে ছিল। মুনমুন শারমিন শামস কিংবা সাদিয়া নাসরিনের মত বিগ শট নারীবাদীদের ভিরে নাহিদ আওয়ামি নারীবাদী হিসেবে গুরুত্ব পায়নি অথবা খুব একটা জায়গা করে নিতে পারেনি।…

ঢাকাই নারীবাদ বরাবরই আওয়ামী লীগের একটা লাভজনক প্রোডাক্ট এবং ইনভেস্টমেন্ট ছিল। বর্তমান প্রেক্ষাপটেও আওয়ামীলীগ চেষ্টা করছে সেই পুরনো প্রোডাক্ট নারীবাদ দিয়ে আগের মতই প্রফিট ঘরে তুলতে। নাহিদ আক্তারের একই সাথে আওয়ামী লীগ এবং নারীবাদকে বিক্রি বাট্টা করা এই ফ্রেমওয়ার্কের বাইরে আর কিছু না। বাংলাদেশী মিডিয়াগুলোতে আওয়ামী লীগের শত কোটি টাকা ইনভেস্টমেন্ট আছে সেটা একটা চরম মূর্খ লোকও টিভির সামনে বসলে বলে দিতে পারবে। নাহিদ আক্তার বাংলাদেশে আওয়ামী লীগকে নরমালাইজ করার একটা প্রকল্পের অংশ হিসেবেই টকশোগুলোতে হাজির আছে। এর চেয়ে বেশি কিছু না।”

প্রসঙ্গত, বেঙ্গল লেন্সের যাচাইয়ে দেখা গেছে নাহিদ আক্তারের এই টকশো যাত্রা শুরু হয় সাংবাদিক মাসুদ কামালের হাত ধরে। ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর মাসুদ কামালের অন্য মঞ্চ চ্যানেলের টকশোতে প্রথমবারের মতো অংশ নেন নাহিদ আক্তার। আওয়ামী এক্টিভিস্টদের অনলাইন টকশোতে হাজির হওয়ার পাশাপাশি মাসুদ কামালের চ্যানেলে নিয়মিত আলোচক হিসেবে উপস্থিত থাকেন তিনি। ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর থেকে গত ১৮ অক্টোবর পর্যন্ত ১৩ মাসে ৩১ বার মাসুদ কামালের চ্যানেলের টকশোতে অংশ নিয়েছেন নাহিদ। অর্থাৎ প্রতিমাসে অন্তত ২-৩ বার এই টকশোতে আসেন তিনি।