‘আধুনিক গরুর রচনা সমগ্র’ নামক বইয়ের ছদ্মলেখক ও বারবার অসত্য তথ্য ছড়ানোর অভিযোগ থাকা মহিউদ্দিন মোহাম্মদ গতকাল তাঁর অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরকে নিয়ে একটি বিশ্লেষণ প্রকাশ করেছেন। সেখানে সালমান মুক্তাদিরকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করেন তিনি। তবে এ দাবির পক্ষে কোনো তথ্য-প্রমাণ হাজির করেননি মহিউদ্দিন মোহাম্মদ।

সালমান মুক্তাদির ও তাঁর কয়েকজন বন্ধুর একটি গ্রুপ ছবি পোস্ট করে মহিউদ্দিন মোহাম্মদ লেখেন, “লাল চিহ্নিত ছেলেটা সালমান মুক্তাদির। ছবিতে ৬টা মানুষ আছে, ৬টারই বিশেষ প্যাটার্নের দাড়ি। এই দাড়ি নবীর দাড়ি নয়, সুন্নতের দাড়ি নয়। এ অন্য জিনিস। বাঙালি ছেলেদের ফ্যাশন বিন্যাসের যে ননহোমোজিনিটি, তা এখানে আছে? নেই। আওয়ামী লীগ আমলে পুলিশ-গোয়েন্দা কারও পিছে লাগলেই মানবাধিকার মানবাধিকার বলে চিৎকার দিতাম। শহিদুল আলমের মতো অসংখ্য প্রতারককে আমরা 'মানবাধিকার'-এর নামে বাঁচিয়েছি। ৫ আগস্টের পর যেটা সবচেয়ে বেশি সত্যরূপে আবির্ভূত হয়েছে, সেটা হলো— কিছু ত্রুটি-বিচ্যুতি বাদে, জঙ্গীবাদ ও গুপ্তসন্ত্রাস দমনে বাংলাদেশের র‍্যাব-পুলিশ পৃথিবীর অন্যতম সফল বাহিনী ছিলো।

পুলিশের ভেতরের খবর যারা রাখেন, তারা জানবেন যে, সালমান মুক্তাদিরের সাথে নিষিদ্ধ জঙ্গী সংগঠন হিজবুত তাহরিরের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তারা তথ্য প্রমাণ বাছাই করছেন। পুরো একটি চক্র, যারা ফেসবুকে বুদ্ধিজীবী ও ইনফ্লুয়েন্সার সেজে আছে, তাদের বড় অংশ এ ঘটনায় উন্মোচিত হতে পারে। এ কারণেই ওরা দলবেঁধে হাফ-প্যান্টওয়ালা মদকারবারী শরিয়াশাবকের পাশে দাঁড়িয়েছে। একটা বলাৎকারের আসামীকে ডিএনএ টেস্টের গুজব ছড়িয়ে যে-লোক ডিফেন্ড করতে পারে, ১৫০টি মেয়ের সাথে জিনার কথা গর্বভরে প্রচারের পর শরিয়া আইন চাইতে পারে, সে গভীর জলের না হোক, অন্তত ঘাঘু জলের মাছ। এই বকরিমাছকে সরল-সোজা ইউটিউবার ভাবার সুযোগ নেই।
যাদের আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বিষয়ে পড়াশোনা আছে, তারা বুঝবেন যে, সন্ত্রাসবাদের সবচেয়ে বড় অস্ত্র এ ধরণের বকরি। একটি আণবিক বোমা যা করতে পারে না, তা খুব সহজে এ ধরণের বকরি দিয়ে করানো যায়। শহিদুল আলম, সালমান মুক্তাদির, আয়মান সাদিক, এ ধরণের বকরি থেকে সাবধান।”

তবে মহিউদ্দিন মোহাম্মদের পোস্টে সালমান মুক্তাদিরের সঙ্গে হিজবুত তাহরিরের সংশ্লিষ্টতার দাবির সমর্থনে কোনো নির্দিষ্ট তথ্য প্রমাণ উল্লেখ করা হয়নি। পোস্টে একটি গ্রুপ ছবিতে থাকা ব্যক্তিদের দাড়ির ধরন ও ফ্যাশন প্রসঙ্গ তুলে ধরার পাশাপাশি ‘পুলিশের ভেতরের খবর’-এর বরাত দেওয়া হলেও সংশ্লিষ্টতার বিষয়ে কোনো নথি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য, মামলা বা অন্য কোনো যাচাইযোগ্য সূত্রের উল্লেখ নেই। একইভাবে, মূলধারার সংবাদমাধ্যমে প্রকাশিত কোনো গোয়েন্দা প্রতিবেদন বা নির্ভরযোগ্য সূত্রেও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের সঙ্গে হিজবুত তাহরিরের সংশ্লিষ্টতার পক্ষে কোনো প্রমাণের তথ্য পাওয়া যায়নি।

আগেও অসত্য তথ্য ছড়ানোর অভিযোগ

বিতর্কিত ছদ্মলেখক মহিউদ্দিন মোহাম্মদ এর আগেও একাধিকবার অসত্য তথ্য ছড়িয়েছেন। গত ২৭ সেপ্টেম্বর তার নিজ আইডিতে সালমানকে নিয়ে তিনি আরেকটি গুজব ছড়ান। একটি ভুয়া ফটোকার্ড প্রচার করেন যেখানে লেখা রয়েছে, “জিজ্ঞাসাবাদে সালমান মুক্তাদির: বিএনপি চাঁদা না পেয়ে ভাঙচুর করেছে, এটা ভুলে বলে ফেলেছি”। তবে ফ্যাক্টচ্যাক প্রতিষ্ঠান দ্যা ডিসেন্টের যাচাইয়ে দেখা যায় ফটোকার্ডটি ভুয়া। গত ১১ সেপ্টেম্বর তিনি আরেকটি ভুয়া ফটোকার্ড শেয়ার করেন। ফটোকার্ডে লেখা ছিল, ‘‘১ বছরে চট্টগ্রাম বিভাগে নতুন এইডস রোগী ৪৬৮ জনের ৩৭৪ জনই মাদ্রাসা শিক্ষার্থী। বিয়ে ভেঙে যাচ্ছে অনেকের।’’

কিন্তু দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা যায়, মহিউদ্দিন মোহাম্মদের সেই দাবিটিও অসত্য।

এছাড়াও গত ১৪ জুন অক্সফোর্ড ইউনিয়ন “ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থান এবং বিপ্লব-পরবর্তী বাংলাদেশের ভবিষ্যৎ” শীর্ষক একটি প্যানেল আলোচনার আয়োজন করে। সেখানে বক্তা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম, কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহসহ অন্যরা প্যানেল আলোচনায় অংশ নিয়েছিলেন।

এই অনুষ্ঠানের আয়োজন নিয়ে উক্ত অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছিল, এনসিপি এবং জামায়াত-শিবিরের লোকজন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি হলরুম ভাড়া নিয়ে নিজেরাই ওই অনুষ্ঠান আয়োজন করেছে।

তবে দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা গেছে, উক্ত অনুষ্ঠানটি অক্সফোর্ড ইউনিয়নই আয়োজন করেছিল। সেক্ষেত্রে তারা অক্সফোর্ড বাংলা সোসাইটির সহযোগিতা নিয়েছিল।